বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম দিনে হয়েছে তিন সেঞ্চুরি। ব্যাটসম্যানদের দাপটের দিনে উত্তরাঞ্চলের নাঈম ইসলাম ও জহরুল ইসলামের সঙ্গে শতক পূর্ণ করেছেন মধ্যাঞ্চলের আব্দুল মজিদ।
উত্তরাঞ্চল-পূর্বাঞ্চল
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে প্রথম দিনটা উত্তরাঞ্চলের। দুই সেঞ্চুরিতে পূর্বাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়তে যাচ্ছে তারা। নাঈম ইসলাম ও জহুরুল ইসলামের হার না মানা সেঞ্চুরিতে প্রথম দিন শেষে উত্তরাঞ্চল ২ উইকেটে করেছে ৩৩৫ রান।
চমৎকার ব্যাটিংয়ে নাঈম অপরাজিত আছেন ১১১ রানে। তার সঙ্গে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন ১০০ রানে অপরাজিত থাকা অধিনায়ক জহুরুল।
টস হেরে ব্যাটিংয়ে নেমে উত্তরাঞ্চলের ভালো শুরু এনে দেন দুই ওপেনার মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিকী। উদ্বোধনী জুটিতে ৬৭ রান যোগ করে প্যাভিলিয়নে ফেরেন জুনায়েদ (২৮)। ওয়ান ডাউনে নামা ফরহাদ হোসেন হয়েছেন ব্যর্থ (১২)।
ওই শেষ, এরপর সারাদিনে আর উইকেট নিতে পারেনি পূর্বাঞ্চল। তবে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় ওপেনার মিজানুর রহমানকে। ৬৩ রান করে ফিরে হয় তাকে। ওই আঘাত অবশ্য দলের ওপর পড়তে দেননি নাঈম ও জহুরুল। চমৎকার ব্যাটিংয়ে শেষ করেছেন দিনের খেলা।
উত্তরাঞ্চলের ব্যাটসম্যানদের দাপটের দিনে একটি করে উইকেট পেয়েছেন আবু জায়েদ ও হাসান মাহমুদ।
মধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চল
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে মধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চল। প্রথম ইনিংসে মধ্যাঞ্চলকে ২৮২ রানে অলআউট করে ব্যাটিংয়ে নামা দক্ষিণাঞ্চল দিন শেষ করেছে কোনও উইকেট না হারিয়ে ২৯ রানে।
আব্দুল মজিদের ব্যাটে রক্ষা পেয়েছে মধ্যাঞ্চল। একা হাতে লড়াই করেছেন এই ব্যাটসম্যান। দলের ২৮২ রানের মধ্যে তার ব্যাট থেকেই এসেছে ১৪১ রান। সতীর্থদের ব্যর্থতার দিনে হার না মানা ইনিংসটি তিনি সাজিয়েছেন ১৩ চার ও ৫ ছক্কায়।
জিম্বাবুয়ের বিপক্ষে ব্যর্থ হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে নেই লিটন দাস। নিজেকে প্রমাণের জন্য বিসিএলে নেমেছিলেন এই ব্যাটসম্যান। যদিও পুরোপুরি ব্যর্থ হয়েছেন তিনি, ওপেনিংয়ে নেমে আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। তার মতো আরেক ওপেনার সাইফ হাসানও শূন্য রানে আউট হলে দলীয় স্কোরে কোনও কিছু যোগ হওয়ার আগেই মধ্যাঞ্চল হারায় ২ উইকেট।
সেখান থেকে দলকে টেনে তুলে চমৎকার এক ইনিংস খেলেছেন মজিদ। শেষ ব্যাটসম্যান হিসেবে শহীদুল ইসলাম ৫৮ রানের কার্যকরী ইনিংস খেলায় মধ্যাঞ্চলের রান অতদূর গিয়েছে।
দক্ষিণাঞ্চলের সবচেয়ে সফল বোলার আল-আমিন হোসেন ও আব্দুর রাজ্জাক, দুজনই পেয়েছেন ৩টি করে উইকেট। ২ উইকেট শিকার রুবেল হোসেনের।
মধ্যাঞ্চলকে অলআউট করে ব্যাটিংয়ে নেমে ভালোভাবেই দিন শেষ করেছে দক্ষিণাঞ্চল। শাহরিয়ার নাফীস (১৫*) ও এনামুল হকের (৯*) ব্যাটে কোনও উইকেট না হারিয়ে স্কোরে জমা করেছে ২৯ রান।








