চলছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের চট্টগ্রাম টেস্ট। এই টেস্টের ম্যাচ রেফারির ভূমিকায় আছেন ডেভিড বুন। কিন্তু ম্যাচের মাঝপথেই তাকে ফিরে যেতে হচ্ছে অস্ট্রেলিয়ায়। সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের মা মারা গেছেন। তার জায়গায় চট্টগ্রাম টেস্টের দায়িত্ব সামলাবেন বাংলাদেশের ম্যাচ রেফারি শিপার আহমেদ।
বৃহস্পতিবার হোবার্টে মারা গেছেন বুনের মা লিসলি বুন। ৮৬ বছর বয়সে পৃথিবী ছেড়ে গেছেন তিনি। মায়ের মৃত্যুর সংবাদে ভেঙে পড়া বুন শুক্রবারই চলে যেতে চেয়েছিলেন বাড়ি। কিন্তু যে এয়ারলাইন্সে যাবেন, তার টিকিট না থাকায় শনিবার যেতে হচ্ছে বুনকে।
ব্যাটসম্যান হিসেবে দাপট দেখানো বুন ম্যাচ রেফারির ভূমিকাতেও দুর্দান্ত। বাংলাদেশের অনেক ম্যাচেই তাকে দেখা গেছে ম্যাচ রেফারির ভূমিকায়। চট্টগ্রাম টেস্টেও ছিলেন দায়িত্ব। কিন্তু মায়ের মৃত্যুতে দেশে ফিরে যাওয়ায় বাকি দিনগুলোতে কাজ করবেন শিপার আহমেদ। ঘরোয়া ক্রিকেটে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করা শিপারকে তাৎক্ষণিক দায়িত্ব দিলেও শিগগিরই এই সিরিজে যোগ দেবেন আইসিসির আরেক ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।
বুনের মায়ের মৃত্যুর শোক লেগেছে বাংলাদেশের ক্রিকেটেও। লিসলি বুনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাছাড়া দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে দুই দলের খেলোয়াড় ও কর্তারা এক মিনিট নীরবতা পালন করে।








