তাইজুলের বল মুশফিকের গ্লাভসবন্দি হতেই আবেদন। আম্পায়ার আবেদনে সাড়া দিয়ে সুনিল অ্যামব্রিসকে সাজঘরে যাওয়ার ইঙ্গিত দিতেই স্টাম্পের দিকে ছুটলেন ক্রিকেটাররা। তাইজুলের হাতে জয়ের স্মারক স্টাম্প তুলে দিলেন মুমিনুল। ৬৪ রানের জয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো টেস্টে ওয়েস্ট ইন্ডিজ বধের মধুর স্বাদ পেলো বাংলাদেশ। গত জুলাইয়ে ক্যারিবিয়ান সফরে দুই টেস্টের সিরিজ হারের প্রতিশোধ নিতে এই জয় ভীষণ গুরুত্বপূর্ণ।
জয়টা অবশ্য সহজে আসেনি। দ্বিতীয় ইনিংসের শুরুতে ব্যাটিং বিপর্যয় দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল টাইগারদের। দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ৫৫ রান, মাত্র ১৩৩ রানের অগ্রগামিতা—দুর্ভাবনা হওয়ারই কথা। শনিবার তৃতীয় দিনের শুরুতে মুশফিকের বিদায়ে আরও চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে মাহমুদউল্লাহ আর মিরাজের দৃঢ়তায় শেষ পর্যন্ত লড়াই করার মতো পুঁজি পায় স্বাগতিক দল। তারপর স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে জয়ের উল্লাসে মেতে ওঠা।
সাকিব-তাইজুলের ঘূর্ণিজাদুতে দিশেহারা ক্যারিবিয়ানরা ৪ উইকেট হারিয়ে ফেলে মাত্র ১১ রানে। শুরুর এমন মারাত্মক ধাক্কা সামলে উঠতে পারেনি অতিথি দল। শেষ দিকে অ্যামব্রিসের প্রতিরোধ আর ওয়ারিকানের পাল্টা আক্রমণ স্বপ্ন দেখাচ্ছিল সফরকারীদের। কিন্তু লাভ হয়নি, চা-বিরতির ঠিক আগে ওয়েস্ট ইন্ডিজ ১৩৯ রানে অলআউট।
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের স্পিনারদের পারফরম্যান্স দুর্দান্ত। বিশেষ করে তাইজুল ছিলেন অসাধারণ। চট্টগ্রামে দুই ইনিংস মিলে ৭ উইকেট নিয়ে দারুণ একটা কীর্তিও গড়েছেন তাইজুল। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে এক পঞ্জিকা বর্ষে সবচেয়ে বেশি উইকেট এখন এই বাঁহাতি স্পিনারের। এ বছর টেস্টে তাইজুলের উইকেট ৪০টি। ৩০ নভেম্বর মিরপুরে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে সংখ্যাটা বাড়বেই। ২০০৩ সালে আরেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিকের ৩৩ উইকেট শিকারের কীর্তি অনেকটাই ম্লান তাইজুলের সামনে।
তরুণ অফস্পিনার নাঈম হাসানের কৃতিত্বও কম নয়। ঘরের মাঠে অভিষেক টেস্টেই ব্যাটে-বলে সৌরভ ছড়িয়েছেন তিনি। প্রথম ইনিংসে মূল্যবান ২৬ রান করার পর ৫ উইকেট নিয়ে নাঈম আজ ইতিহাসের অংশ। অভিষেক টেস্টে সবচেয়ে কম বয়সে ইনিংসে ৫ উইকেট শিকারের কৃতিত্ব যে তারই।
চট্টগ্রাম টেস্ট শেষ, এবার মিরপুর টেস্টের চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে সাফল্য পেলে শুধু সিরিজ জেতাই নয়, ক্যারিবিয়ান সফরে টেস্ট সিরিজ হারের প্রতিশোধও নিতে পারবে বাংলাদেশ। সাকিব-মুশফিকরা নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবেন না সুযোগটা।








