ঝড়ো শুরু করলেন শিখর ধাওয়ান, আর আগ্রাসী ব্যাটিংয়ে শেষ করলেন বিরাট কোহলি। অধিনায়কের মারকুটে হাফসেঞ্চুরিতে অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ এ সমতায় শেষ করল ভারত। সিডনিতে শেষ ম্যাচটি তারা জিতেছে ৬ উইকেটে।
প্রথম ম্যাচটি অস্ট্রেলিয়া জিতেছিল। পরের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। রবিবার তৃতীয় ম্যাচ ছিল সিরিজ নির্ধারণী। যেখানে অস্ট্রেলিয়া টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে করে ১৬৪ রান। জবাবে ১৯.৪ ওভারে ৪ উইকেটে ১৬৮ রান করে সফরকারীরা।
ডি’আর্চি শর্ট ও অ্যারন ফিঞ্চের ৬৮ রানের উদ্বোধনী জুটি দারুণ শুরু এনে দেয় অস্ট্রেলিয়াকে। কিন্তু ক্রুনাল পান্ডিয়ার বাঁহাতি স্পিনে নিয়মিত উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। অধিনায়ক ফিঞ্চ ২৮ রানে কুলদীপ যাদবের শিকার হন। পরের ওভারে টানা দুই ব্যাটসম্যানকে ফেরান ক্রুনাল। শর্টের ৩৩ রান ছিল ইনিংস সেরা।
ক্রুনালের স্পিন ঘূর্ণিতে দিশেহারা হওয়া অস্ট্রেলিয়াকে লড়াই করার মতো স্কোর এনে দেন অ্যালেক্স ক্যারে ও মার্কাস স্টোইনিস। ১৯ বলে ২৭ রান করেন ক্যারে, ছিল ৪টি চার। স্টোইনিস ১৫ বলে ৩টি চারে ২৫ রানে অপরাজিত ছিলেন।
ক্রুনাল ৪ ওভারে ৩৬ রান দিয়ে নেন ৪ উইকেট।
লক্ষ্যে নেমে ঝড়ো শুরু করেন ধাওয়ান। ২২ বলে ৬ চার ও ২ ছয়ে ৪১ রান করেন এই ওপেনার। ৫.৩ ওভারে রোহিত শর্মাকে নিয়ে ৬৭ রানের জুটি গড়ে বিদায় নেন তিনি। তার দেখানো পথে হাঁটেন কোহলি। ৩৪ বলে ১৯তম ফিফটি হাঁকান তিনি। দিনেশ কার্তিকের সঙ্গে ৬০ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সফরকারী অধিনায়ক। ৪১ বলে ৪ চার ও ২ ছয়ে ৬১ রানে অপরাজিত ছিলেন কোহলি, ১৮ বলে ২২ রানে অন্য প্রান্তে খেলছিলেন কার্তিক।
অস্ট্রেলিয়ার পক্ষে একটি করে উইকেট নেন মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, এন্ড্রু টাই ও গ্লেন ম্যাক্সওয়েল। ক্রিকইনফো








