অ্যাডিলেডের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ভারতের টেস্ট সিরিজ। ৬ ডিসেম্বর মাঠের লড়াইয়ে নামার আগেই বড় ধাক্কা খেয়েছে ভারত। ইনজুরিতে সফরকারীরা হারিয়েছে ওপেনার পৃথ্বি শ’কে। প্রস্তুতি ম্যাচে অ্যাঙ্কেলে চোট পেয়েছেন তরুণ এই ওপেনার।
টেস্ট সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে। সিডনির ওই ম্যাচের তৃতীয় দিনে ডিপ মিড উইকেটে ক্যাচ নিতে গিয়ে অ্যাঙ্কেলে চোট পেয়েছেন পৃথ্বি। পরে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে নিশ্চিত করেছে, অ্যাডিলেডের প্রথম টেস্ট খেলতে পারবেন না এই ওপেনার।
বাউন্ডারির ঠিক কাছাকাছি জায়গায় ক্যাচ নিতে গিয়ে আঘাত পেয়ে মাটিতে পড়ে যান পৃথ্বি। ভারতীয় ফিজিও মাঠে কিছুক্ষণ চিকিৎসা দেওয়ার পর তাকে নিয়ে বেরিয়ে যান। এরপর হাসপাতালে তার স্ক্যান করিয়ে জানা গেছে চোটটা বেশ গুরুতরই। বিসিসিআই জানিয়েছে, ‘সকালে পৃথ্বির স্ক্যান করানো হয়েছে এবং জানা গেছে লিগামেন্টে চোট পেয়েছেন তিনি। পৃথ্বি অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে পারবেন না।’
১৯ বছর বয়সী পৃথ্বি জাতীয় দলে অভিষেকেই ছড়িয়েছেন আলো। রাজকটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টে খেলেছিলন ১৩৪ রানের ঝলমলে ইনিংস। অস্ট্রেলিয়া সফরে তাকে ঘিরে প্রত্যাশা বেড়েছিল আরও। কিন্তু স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগেই ছিটকে গেলেন তিনি। ক্রিকইনফো








