অস্ট্রেলিয়ার বোলারদের নৈপুণ্যে দিশেহারা হয়ে পড়েছিল ভারতের ব্যাটিং লাইনআপ। কেবল চেতেশ্বর পূজারা লড়াই করে গেছেন। ২৫০ রানে সফরকারীদের গুটিয়ে দেওয়ার পর এবার একই দশা অসি ব্যাটিং লাইনে।
শুক্রবার অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিন প্রথম বলেই বাকি উইকেটটি হারায় ভারত। জশ হ্যাজেলউড ৬ রানে মোহাম্মদ সামিকে টিম পেইনের ক্যাচ বানান। এরপর ব্যাট করতে নেমে অসিরা দিন শেষ করেছে ৭ উইকেটে ১৯১ রানে।
জবাব দিতে নেমে ওপেনার অ্যারন ফিঞ্চ ইনিংসের তৃতীয় বল খেলে বিদায় নেন। রানের খাতা না খুলতেই তাকে আউট করেন ইশান্ত শর্মা। তারপর মার্কাস হ্যারিসের সঙ্গে উসমান খাজার ৪৫ রানের জুটি প্রতিরোধ গড়েছিল। কিন্তু রবিচন্দ্রন অশ্বিনের স্পিনে অস্বস্তিতে পড়ে স্বাগতিকরা।
১২৭ রানেই ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া। অশ্বিনের ঘূর্ণির সঙ্গে গতির ঝড় তোলেন জসপ্রীত বুমরাহ ও ইশান্ত। তাদের চমৎকার বোলিংয়ের দিনে একাই লড়াই করেছেন ট্রাভিস হেড। অন্যদের ব্যাটিং ব্যর্থতার দিনে ৬১ রানে অপরাজিত তিনি।
প্যাট কামিন্সের সঙ্গে হেডের জুটিতে স্বস্তি ফিরছিল অস্ট্রেলিয়া। কিন্তু দিন শেষ হওয়ার আগে ইনিংস সেরা এই ৫০ রানের জুটি ভেঙে তাদের আবারও চাপে ফেলে ভারতীয়রা। দলীয় ১৭৭ রানে সপ্তম উইকেট হারানো অস্ট্রেলিয়াকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন হেড ও মিচেল স্টার্কের ১৪ রানের অবিচ্ছিন্ন জুটি।
এদিনের দ্বিতীয় সেরা ৩৪ রান করেন পিটার হ্যান্ডসকম্ব। এছাড়া খাজা ২৮ ও হ্যারিস করেন ২৬ রান।
অশ্বিন ভারতের পক্ষে তিন উইকেট নিয়ে এদিনের সেরা বোলার। দুটি করে পান বুমরাহ ও ইশান্ত। ক্রিকইনফো








