৩৮ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান ওয়েস্ট ইন্ডিজের। সিরিজ জয়ের লক্ষ্যে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১৪৩ রানে প্রতিপক্ষের সপ্তম উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। ক্রিজে আছেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান শাই হোপ। ৫৫ বলে হাফসেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত তিনি। অন্য প্রান্তে আছেন কিমো পল।
নিজের ষষ্ঠ ওভারে সাকিব আল হাসান পান তার প্রথম উইকেট। রোস্টন চেজকে সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে ৩৪ রানের জুটি ভাঙেন তিনি। পরের ওভারে মাত্র ১ রান দেন। তারপর অষ্টম ওভারে ফ্যাবিয়ান অ্যালেনকে ৬ রানে বিদায় করেন বাঁহাতি স্পিনার। চমৎকার ক্যাচ ধরেন মোহাম্মদ মিঠুন।
মিরাজের জোড়া আঘাত
মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণিতে চাপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। নিজের নবম ওভারে শিমরন হেটমায়ারকে এলবিডাব্লিউ করেন তিনি। ৬ বল খেলেও রানের খাতা না খুলে মাঠ চাড়েন উইন্ডিজ ব্যাটসম্যান। পরের ওভারে রোভম্যান পাওয়েলকে ১ রানে মিরাজ ক্যাচ বানান মুশফিকুর রহিমের। তার আগে চন্দরপল হেমরাজ ও ড্যারেন ব্রাভোকে ফেরান মিরাজ। ১০ ওভারে মাত্র ২৯ রান দিয়ে ৪ উইকেট নিলেন এই স্পিনার।
সাইফউদ্দিন ফেরালেন স্যামুয়েলসকে
রুবেল হোসেনের বদলে জায়গা পাওয়া মোহাম্মদ সাইফউদ্দিন দ্বিতীয় ওভারে পেলেন উইকেট। তার প্রথম ওভারে দুটি বাউন্ডারি মারা মারলন স্যামুয়েলস বোল্ড হলেন ১৯ রানে। সাইফের অফ কাটার উইন্ডিজ ব্যাটসম্যানের ব্যাটে লেগে অফ স্টাম্পে আঘাত করে। দুটি চারে সাজানো ছিল স্যামুয়েলসের ৩২ বলের ইনিংস।
মিরাজের দ্বিতীয় উইকেট
মেহেদী হাসান মিরাজের দারুণ বোলিংয়ে বাংলাদেশ পেল ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় উইকেট। নিজের দ্বিতীয় ওভারে চন্দরপল হেমরাজকে ফেরান এই স্পিনার। তারপর পঞ্চম ওভারে নেন ড্যারেন ব্রাভোর উইকেট। ২৬ বলে ১০ রান করা উইন্ডিজ ব্যাটসম্যানের লেগ স্টাম্প ভাঙেন মিরাজ। শাই হোপের সঙ্গে ৪২ রানের জুটি গড়েন ব্রাভো।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেট মিরাজের
দ্বিতীয় ওয়ানডের পর শেষ ম্যাচেও চন্দরপল হেমরাজকে নিজের প্রথম শিকার বানান মেহেদী হাসান মিরাজ। এবার ৯ রান করে পয়েন্টে মোহাম্মদ মিঠুনের ক্যাচ হন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার।
সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেওয়া বাংলাদেশ চতুর্থ ওভারেই ভাঙে ১৫ রানের ওপেনিং জুটি। দুটি চারে সাজানো ছিল হেমরাজের ১৭ বলের ইনিংস।
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ এখন ১-১ এ সমতায় রয়েছে। বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। ইমরুল কায়েসকে বাইরে রেখে নেওয়া হয়েছে মোহাম্মদ মিঠুনকে। আর রুবেল হোসেনের জায়গায় খেলবেন মোহাম্মদ সাইফউদ্দিন। ওয়েস্ট ইন্ডিজ দলে ওসান থোমাসের জায়গায় নেওয়া হয়েছে ফ্যাবিয়ান অ্যালেনকে।
বাংলাদেশ একাদশ: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), চন্দরপল হেমরাজ, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমায়ার, রোস্টন চেজ, ফ্যাবিয়ান অ্যালেন, কিমো পল, দেবেন্দ্র বিশু, কেমার রোচ।








