বিজয় দিবস ক্রিকেটে রবিবারের প্রদর্শনী ম্যাচে শহীদ জুয়েল একাদশকে হারিয়েছে শহীদ মুশতাক একাদশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খালেদ মাসুদ পাইলটের দলকে ৪ উইকেটে হারায় মিনহাজুল আবেদীন নান্নুর দল।
বিজয় দিবস উপলক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শহীদ জুয়েল একাদশ। দারুণ শুরু করে তারা উদ্বোধনী জুটিতে। ৬৮ রান যোগ করেন দুই ওপেনার হান্নান সরকার ও এহসানুল হক সেজান।
কিন্তু পরের ব্যাটসম্যানরা বড় কোনও অবদান রাখতে পারেননি ক্রিজে। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬০ রান করে শহীদ জুয়েল একাদশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন খালেদ মাসুদ। সেজান ৩৫ ও হান্নান খেলেন ৩২ রানের ইনিংস।
১৬১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় শহীদ মুশতাক একাদশ। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও ৫ নম্বরে ব্যাট করতে নেমে ফয়সাল হোসেন ডিকেন্স দলকে উদ্ধার করেন। ডিকেন্স খেলেন ৫১ রানের ইনিংস। ৩৪ বলে ৩টি চার ও ২টি ছক্কায় এই ইনিংসটি সাজান। এছাড়া মোহাম্মদ রফিক ২৭ ও অধিনায়ক নান্নু করেন ২৩ রান।








