বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়ে রুমানা আহমেদ বিস্মিত। সোমবার দুপুরে সুখবরটা শোনার পর বিশ্বাসই হচ্ছিল না এই লেগস্পিনারের।
এ বছর টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট রুমানার। ২৪ ম্যাচে ৩০ উইকেট শিকারের পুরস্কার হিসেবে তিনি জায়গা পেয়েছেন বছরের সেরা দলে। বাংলা ট্রিবিউনকে তিনি বললেন, ‘দুপুরে খবরটা শোনার পর প্রথমে বিশ্বাস হয়নি। সত্যি কথা বলতে কি, আমার বিস্ময়ের ঘোর এখনও কাটেনি। খবরটা শুনে খুব ভালো লাগছে। এটা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন। আমার পরিবারের সবাই খুব খুশি। সবাই আমাকে শুভেচ্ছা জানাচ্ছে।’
২০১৮ সালে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সবচেয়ে বড় অর্জন এশিয়া কাপ জয়। ছেলেরা তিনবার ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি। তবে মেয়েরা প্রথমবার ফাইনালে উঠেই বাজিমাত করেছে, হারিয়েছে শক্তিশালী ভারতকে। মালয়েশিয়ার মাটিতে এশিয়া শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ৬ ম্যাচে ১০ উইকেট নিয়ে লাল-সবুজ পতাকাকে সবার ওপরে তুলে ধরা রুমানা আগামীতে আরও ভালো করতে আশাবাদী, ‘বছরটা অসাধারণ কাটলো। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পেয়েছি। এ বছরের সাফল্য আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। এই অর্জন (বর্ষসেরা টি-টোয়েন্টি দলে সুযোগ) সামনের দিনগুলোতে আরও ভালো খেলতে উৎসাহিত করবে।’
বছরের শেষ দিনে রুমানা ফিরে গেলেন এশিয়া কাপের ফাইনালে। ১০ জুন কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভালে ২২ রানে ২ উইকেট নেওয়ার পর ২৩ রান করে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। ভারত-বধ নিয়ে তার স্মৃতিচারণ, ‘এশিয়া কাপের ফাইনালে আমি ম্যাচসেরা হয়েছিলাম। এ বছর এটাই আমার সেরা ম্যাচ। বাংলাদেশকে আরও অনেক কিছু উপহার দিতে চাই।’
আরও পড়ুন:








