আগামী শনিবার শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। দেশের সবচেয়ে আকর্ষণীয় ক্রিকেট টুর্নামেন্টের টিকিট পাওয়া যাবে বৃহস্পতিবার থেকে।
গতবারের মতো এবারও বিপিএল হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। মিরপুর শেরে বাংলা, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের দিন স্টেডিয়াম সংলগ্ন বুথ থেকে টিকিট কেনা যাবে। এছাড়া মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম এবং সিলেট জেলা স্টেডিয়ামে পাওয়া যাবে টিকিট।
অনলাইনেও টিকিট সংগ্রহের সুযোগ থাকছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) অনলাইন ব্যাংকিং ইউক্যাশ এবং সহজডটকমে টিকিট কিনতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
এবারের বিপিএলে সর্বনিম্ন টিকিটের দাম ২০০ টাকা, আর সর্বোচ্চ ২ হাজার টাকা। সব ভেন্যুতে একই দাম ধরা হয়েছে। সাধারণ গ্যালারি ২০০, ছাউনি বিশিষ্ট গ্যালারি ৩০০, ক্লাব হাউজ ৫০০, ভিআইপি স্ট্যান্ড ৫০০ এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম রাখা হয়েছে ২ হাজার টাকা।








