সিডনি টেস্টে চলছে ভারতের দাপট। চেতেশ্বর পূজারা ও ঋষভ পান্তের অসাধারণ ইনিংসে অস্ট্রেলিয়ার সামনে রানের পাহাড় গড়েছে সফরকারীরা। ৭ উইকেটে ৬২২ রানে তারা প্রথম ইনিংস ঘোষণার পর স্বাগতিকরা কোনও উইকেট না হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে ২৪ রানে।
পূজারার সঙ্গে হানুমা বিহারি শুক্রবারের খেলা শুরু করেন। নাথান লায়নের কাছে ভাঙে তাদের ১০১ রানের জুটি। হানুমা ৪২ রানে মার্নাস লেবুশেগনেকে ক্যাচ দেন।
অস্ট্রেলিয়ান স্পিনার হতাশ করেন পূজারাকেও। ৭ রানের জন্য ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি হয়নি তার। লায়নকে ফিরতি ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন ভারতীয় ব্যাটসম্যান। ৩৭৩ বলে ২২ চারে দেশের বাইরে সর্বোচ্চ ১৯৩ রান করেন পূজারা।
৮৯ রানের এই জুটি ভাঙার পর রবীন্দ্র জাদেজার সঙ্গে ক্রিজে ছড়ি ঘোরান পান্ত। সপ্তম উইকেটে ২০৪ রান যোগ করেন তারা দুজন। অস্ট্রেলিয়ায় যে কোনও উইকেটে এটাই সর্বোচ্চ জুটি। জাদেজার সঙ্গে ক্রিজে থাকতেই প্রথম ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করেন পান্ত। ১৩৭ বলে ৮ চারে ক্যারিয়ারের দ্বিতীয় শতক পান তিনি। প্রথম উইকেটরক্ষক হিসেবে ২১ বছর বয়সে দুটি সেঞ্চুরির মালিক পান্ত।
রেকর্ড জুটি গড়ার পথে জাদেজা পান ফিফটির দেখা। সেঞ্চুরির পথে ছিলেন তিনি। কিন্তু ৮১ রানে লায়নের কাছে বোল্ড হন এই অলরাউন্ডার। তার বিদায়ের পর ইনিংস ঘোষণা করে ভারত। ১৮৯ বলে ১৫ চার ও ১ ছয়ে ১৫৯ রানে অপরাজিত ছিলেন পান্ত।
লায়ন অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন। দুটি পান জশ হ্যাজেলউড।
অস্ট্রেলিয়া এদিন শেষ বিকেলে ব্যাট করেছে ১০ ওভার। মার্কাস হ্যারিস ১৯ ও উসমান খাজা ৫ রানে অপরাজিত ছিলেন। ক্রিকইনফো








