ভারতের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দল থেকে বাদ পড়েছেন আগের সিরিজের পাঁচ খেলোয়াড়। কঠিন সময় কাটানো অস্ট্রেলিয়া দলে বড় পরিবর্তনে খেপেছেন দেশটির কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। খেলোয়াড় নির্বাচনকে ‘হাস্যকর’ উল্লেখ করে ধুয়ে দিয়েছেন তিনি নির্বাচকদের।
শুক্রবার ঘোষণা করা স্কোয়াড থেকে বাদ পড়েছেন ট্রেভিস হেড, ক্রিস লিন, ডি’আর্চি শর্ট, বেন ম্যাকডারমোট ও অ্যাস্টন অ্যাগার। ব্রিশাম দেওয়া হয়েছে মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্সকে। একই সঙ্গে ওয়ানডে দলে ফিরিয়ে আনা হয়েছে নাথান লিওন, উসমান খাজা ও অভিজ্ঞ পিটার সিডলকে।
স্কোয়াডে এত ওলটপালটে খেপেছেন শেন ওয়ার্ন। নির্বাচকদের ঘোষিত স্কোয়াড মানতে পারছেন না ক্রিকেট ইতিহাসের সেরা লেগ স্পিনার। টুইটারে নিজের ক্ষোভ ঝেরেছেন ওয়ার্ন। ১৪ সদস্যের স্কোয়াড দেখার পর তার টুইট, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেটের সব ধরনের ফরম্যাট থেকে এই হাস্যকর নির্বাচন বন্ধ করতে হবে। শেষ করতে হবে!’
দল ঘোষণার আগে ওয়ার্ন নিজেই একটি স্কোয়াড তৈরি করে তা টুইটারে পোস্ট করেছিলেন। তার নির্বাচিত দলের সঙ্গে ব্যাপক অমিল থাকায় আরও বেশি খেপেছেন তিনি অস্ট্রেলিয়ান নির্বাচকদের ওপর।
নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ হারের শঙ্কায় অস্ট্রেলিয়া। সিডনি টেস্ট জিততে না পারলেই বড় লজ্জা পাবে অসিরা। সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিনে ভারতীয়দের রান পাহাড়ে সেই শঙ্কা আরও বেশি করে উঁকি দিচ্ছে স্বাগতিকদের। এনডিটিভি








