অস্ট্রেলিয়ায় শ্রীলঙ্কার দুই ম্যাচের টেস্ট দলে ফিরলেন ব্যাটসম্যান কুশল পেরেরা। নিউজিল্যান্ডে বাজে পারফরম্যান্সে দানুশকা গুনাথিলাকা বাদ পড়ায় দিমুথ করুনারত্নের সঙ্গে উদ্বোধনী জুটিতে দেখা যাবে তাকে।
ইনজুরিতে নিউজিল্যান্ডে সীমিত ওভারের সিরিজ থেকে ছিটকে যাওয়া অ্যাঞ্জেলো ম্যাথুস অস্ট্রেলিয়া টেস্টেও বাদ পড়েছেন। তার চোটের বাইরে কেবল কুশলের অন্তর্ভুক্তি দলের একমাত্র পরিবর্তন।
গুনাথিলাকা নিউজিল্যান্ড টেস্ট সিরিজে ১, ৩, ৮ ও ৪ রানের ইনিংস খেলেছেন। কুশল পেরেরার সাম্প্রতিক টেস্ট ফর্মও যে আহামরি তা নয়। গত বছর মাত্র তিন টেস্ট খেলেছেন, ওয়েস্ট ইন্ডিজে ৬ ইনিংসে করেছেন সব মিলিয়ে ৯২ রান। তবে নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজে তিন ইনিংসে ১৪৯ রানের দারুণ পারফর্ম করে টেস্টে জায়গা করে নিলেন এই ওপেনার।
নিউজিল্যান্ডে একটিও টেস্ট না খেলে লাহিরু থিরিমান্নে, সাদিরা সামারাবিক্রমা, লাকশান সান্দাকান ও নুয়ান প্রদীপ জায়গা ধরে রেখেছেন।
আগামী ২৪ জানুয়ারি ব্রিসবেনে শুরু হবে প্রথম টেস্ট। ক্যানবেরায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
শ্রীলঙ্কার টেস্ট দল: দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুস, রোশেন সিলভা, নিরোশান ডিকবেলা (উইকেটরক্ষক), কুশল পেরেরা, লাহিরু থিরিমান্নে, সাদিরা সামারাবিক্রমা, দিলরুয়ান পেরেরা, লাকশান সান্দাকান, সুরাঙ্গা লাকমাল, নুয়ান প্রদীপ, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, দুষ্মন্ত চামিরা।








