নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার ঘোষিত ওয়ানডে ও টেস্ট দলে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ। অন্যদিকে নিষেধাজ্ঞা এক মাস কমিয়ে ওয়ানডেতে সুযোগ দেওয়া হয়েছে সাব্বির রহমানকে।
নিউজিল্যান্ড সিরিজের দলে সাব্বিরের সুযোগ পাওয়া কিছুটা বিস্ময়কয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভক্তকে বাজে ভাষায় আক্রমণ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ৬ মাস নিষিদ্ধ হয়েছিলেন তিনি। যদিও নিষেধাজ্ঞার সময় শেষ হওয়ার আগেই সাব্বিরকে সুযোগ দেওয়া হয়েছে ওয়ানডে দলে। ফেব্রুয়ারিতে সাব্বিরের শাস্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও নির্বাচকরা জানিয়েছেন ৩১ জানুয়ারিই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে তার। তাই নিউজিল্যান্ড সিরিজে খেলতে কোনও বাধা নেই এই ব্যাটসম্যানের।
কিউইদের বিপক্ষে ১৩, ১৬ ও ২০ ফেব্রুয়ারি তিনটি ওয়ানডে খেলবে টাইগাররা। বিশ্বকাপের প্রস্তুতিতে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না থাকাতেই সাব্বিরকে দলে নেওয়া হয়েছে। ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চে ব্যাটিং অর্ডারের ৭ নম্বরে এখনও বাজির ঘোড়া এই ব্যাটসম্যান। নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে সাব্বিরকে তাই নিউজিল্যান্ড সফরের দলে রাখা হয়েছে।
এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘জানুয়ারির ৩১ তারিখ থেকে ওর (সাব্বির) নিষেধাজ্ঞা শেষ হবে। শাস্তির মেয়াদ এক মাস কমিয়ে আনা হয়েছে। অধিনায়কও (মাশরাফি বিন মুর্তজা) চেয়েছে সাব্বিরকে। আমরা সাব্বিরের ব্যাপারে একমত হয়েছি। ৬-৭ নম্বরে যে ধরনের খেলোয়াড় দরকার, সাব্বির তেমন খেলোয়াড়। অধিনায়ক তার ব্যাপারে আত্মবিশ্বাসী।’
অন্যদিকে বিপিএলে ভালো খেলার পুরস্কার হিসেবে তাসকিন ফিরেছেন ওয়ানডে ও টেস্ট দলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে চারটি পরিবর্তন এসেছে এবারের স্কোয়াডে। ক্যারিবিয়ানদের বিপক্ষে ১৬ জনের দল থাকলেও নিউজিল্যান্ড সফরে ১৫ জনের দল দিয়েছেন নির্বাচকরা। যে দল থেকে বাদ পড়েছেন আবু হায়দার, আরিফুল হক, নাজমুল ইসলাম ও ইমরুল কায়েস।
ওয়ানডে শেষে কিউইদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ২৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনের ম্যাচ দিয়ে শুরু টেস্ট সিরিজ। ওয়েলিংটনে দ্বিতীয় টেস্ট ৮ মার্চ। আর ক্রাইস্টচার্চে তৃতীয় টেস্ট শুরু হবে ১৬ মার্চ থেকে। টেস্ট দলে তাসকিনের অন্তর্ভুুক্তি ছাড়া অন্য কোনও চমক নেই। বিসিবি ১৫ জনের দল ঘোষণা করলেও নিউজিল্যান্ড যাওয়ার আগে বাড়তি একজন পেসার রাখা হবে বলে জানিয়েছেন নির্বাচকরা।
ওয়ানডে স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, নাঈম হাসান, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন।
টেস্ট স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, মুমিনুল হক, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন, নাঈম হাসান, আবু জায়েদ।








