ভারতের কাছে টেস্ট সিরিজ হারের ক্ষতে প্রলেপ দিতে শ্রীলঙ্কার বিপক্ষে নেমেছে অস্ট্রেলিয়া। এই মিশনের শুরুটাও হয়েছে তাদের দুর্দান্ত। ব্রিসবেনের দিবারাত্রি টেস্টের প্রথম দিনে চমৎকার বোলিংয়ে লঙ্কানদের ১৪৪ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতে অস্ট্রেলিয়া ২ উইকেটে করেছে ৭২ রান।
ভারতের বিপক্ষে টেস্টের পর ওয়ানডে সিরিজও হেরেছে অস্ট্রেলিয়া। ৫০ ওভারের সিরিজ হারলেও বল হাতে চমৎকার পারফরম্যান্সের পুরস্কার হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছে ঝাই রিচার্ডসনের। অভিষেক টেস্টের প্রথম ইনিংসটি এই পেসার স্মরণীয় করে রাখলেন ৩ উইকেট নিয়ে। তার সঙ্গে প্যাট কামিন্স ৪ উইকেট ও মিচেল স্টার্ক ২ উইকেট নিলে ১৪৪ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।
টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার ওপেনিংয়ে দিমুথ করুণারত্নের নতুন সঙ্গী লাথিরু থিরিমানে। নিউজিল্যান্ড সিরিজে দলের বাইরে থাকা এই ব্যাটসম্যানের ফেরাটা সুখকর হয়নি। ১২ রানে তার আউটে সফরকারীরা হারায় প্রথম উইকেট। তিন নম্বরে নামা অধিনায়ক দিনেশ চান্ডিমাল (৫) পুরোপুরি ব্যর্থ। তার সঙ্গে ব্যর্থতার মিছিলে একে একে যোগ দিয়েছেন করুণারত্নে (২৪), কুশল মেন্ডিস (১৪), ধনাঞ্জয় ডি সিলভা (৫) ও রোশেন সিলভা (৯)।
একটা পর্যায়ে শ্রীলঙ্কা ৯৩ রানে হারিয়েছিল ৬ উইকেট। ওই জায়গা থেকে রান যে ১৪৪ পর্যন্ত গিয়েছে, তার পুরো কৃতিত্ব নিরোশান ডিকবেলার। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান লোয়ার মিডল অর্ডারে খেলেছেন ৬৪ রানের অসাধারণ ইনিংস। ৭৮ বলে ৬ বাউন্ডারি ও এক ছক্কায় সাজানো তার ইনিংসটি বড় লজ্জার হাত থেকে বাঁচিয়েছে সফরকারীদের।
শ্রীলঙ্কাকে দ্রুত অলআউট করার পর ব্যাট হাতে অস্ট্রেলিয়ার শুরুটা মন্দ ছিল না। মার্কাস হ্যারিস ও জো বার্নস উদ্বোধনী জুটিতে যোগ করেন ৩৭ রান। যদিও বার্নস ১৫ রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। শেষ মুহূর্তে উসমান খাজাও আউট হয়ে গেছেন ১১ রানে। তবে ৪০ রানে অপরাজিত আছেন আরেক ওপেনার হ্যারিস। তিনি দ্বিতীয় দিন শুরু করবেন নাইটওয়াচম্যান হিসেবে নামা নাথান লিওনকে (০*) সঙ্গে নিয়ে। ক্রিকইনফো








