সোহেল তানভীর ১৭ রান দিয়ে পেলেন ৩ উইকেট। পাকিস্তানি পেসারের স্বদেশি মোহাম্মদ নওয়াজের শিকারও ৩ উইকেট। এই দুজনের সঙ্গে তাসকিন আহমেদ (২/২০) ও অলক কাপালির (২/১৫) দুর্দান্ত বোলিংয়ে রাজশাহী কিংসের বিপক্ষে সহজেই জিতেছে সিলেট সিক্সার্স। বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে সিলেটের জয় ৭৬ রানের।
টস হেরে ব্যাটিংয়ে নেমে জেসন রয়ের ২৮ বলে ৪২ রানের ঝড়ো ইনিংসের সঙ্গে শেষ দিকে সোহেল তানভীরের ১০ বলে হানা মানা ২৩ রানে ভর দিয়ে সিলেট নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরে জমা করে ১৮০ রান। কঠিন এই লক্ষ্যে খেলতে নেমে সিলেট বোলারদের অসাধারণ বোলিংয়ের সামনে ১৮.২ ওভারে ১০৪ রানে গুটিয়ে যায় রাজশাহী।
চলতি বিপিএলে তৃতীয় জয়ের দেখা পাওয়া সিলেটের ৯ ম্যাচে সংগ্রহ ৬ পয়েন্ট। টেবিলের ষষ্ঠ স্থানে উঠে আসা দলটি শেষ চারে থাকার আশা টিকিয়ে রাখলো। বিপরীতে শেষ চার নিশ্চিতের পথে ধাক্কা খেয়েছে রাজশাহী। ৯ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে তারা রয়েছে পাঁচে। ৭ খেলায় ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে চিটাগং ভাইকিংস।
তানভীর ও তাসকিন ঝড়ে শুরুতেই দুই ওপেনারকে হারায় রাজশাহী। তানভীরের শিকার হয়ে লরি ইভান্স মাত্র ১ রান করে ফেরেন প্যাভিলিয়নে। আর তাসকিনের বলে এই তানভীরকে ক্যাচ দিয়েই ৫ রানে আউট মুমিনুল হক। শুরুর ধাক্কা অবশ্য কাটিয়ে উঠেছিল রাজশাহী ফজলে মাহমুদ ও রায়ান টেন ডেসকাটের ব্যাটে।
তবে এই ডাচ ব্যাটসম্যান ১২ রান করে আউট হওয়ার পর জাকির হাসান ১৬ রানে প্যাভিলিয়নে ফিরলে এলোমেলো হয়ে যায় রাজশাহী। ফজলে মাহমুদের ৫০ রানের ইনিংসটা কেবল হারের ব্যবধানই কমিয়েছে তাদের।
বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের আগে ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সোহেল তানভীর জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।








