হ্যামিলটন ও ওয়েলিংটনে পরের দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। এই দুই ম্যাচের দলে ফিরেছেন জেমস নিশাম ও টড অ্যাস্টল। পাঁচ ম্যাচ সিরিজ এরই মধ্যে ৩-০ তে এগিয়ে থেকে নিশ্চিত করেছে ভারত।
১০ বছর পর সফরকারী ভারতের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে নিউজিল্যান্ড। এবার তাদের কাছে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই কিউইদের। চতুর্থ ও পঞ্চম ওয়ানডের দল থেকে বাদ পড়েছেন ডগ ব্রেসওয়েল ও ইশ সোধি।
নিশাম এসেছেন ফাস্ট বোলিং অলরাউন্ডার ব্রেসওয়েলের জায়গায়। মূল লেগ স্পিনার হিসেবে সোধির জায়গা নিয়েছেন অ্যাস্টল।
জানুয়ারির শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডের সিরিজে খেলেন নিশাম। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোট তাকে ছিটকে দেয় বেশ কয়েক সপ্তাহ। সুস্থ হয়ে তিনি মাঠে ফেরেন সুপার স্ম্যাশে। ওয়েলিংটনের হয়ে ফিটনেসের প্রমাণ দিয়ে আবার জাতীয় দলে ফিরলেন এই অলরাউন্ডার।
হাঁটুর চোটে গত বছরের নভেম্বর থেকে মাঠের বাইরে অ্যাস্টল। নিশামের সঙ্গে তিনিও ফেরেন সুপার স্ম্যাশে। কেন্টারবুরির হয়ে চার ম্যাচ খেলে ওয়ানডে দলে জায়গা করে নিলেন ৩২ বছর বয়সী এই স্পিনার।
বিশ্বকাপের কথা মাথায় রেখেই দুজনকে দলে জায়গা দেওয়া হয়েছে জানান নির্বাচক গ্যাভিন লারসেন। আগামী ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি হবে শেষ দুই ম্যাচ।
শেষ দু্ই ওয়ানডের স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লোকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম (উইকেটরক্ষক), কলিন মুনরো, জেমস নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি ও রস টেলর।








