হাইভোল্টেজ ম্যাচ। তারকার ছড়াছড়ি ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্সের লড়াই বলে কথা! বারুদে উত্তেজনার সেই ম্যাচটি আরও উপভোগ্য করে তুললেন এবি ডি ভিলিয়ার্স। প্রোটিয়া ব্যাটসম্যানের ঝড়ো সেঞ্চুরিতে বিধ্বস্ত হলো ঢাকা, বিপরীতে রংপুর দেখালো তাদের শক্তি।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকাকে ৮ উইকেটে হারিয়েছে রংপুর। শুরুতে দ্রুত ২ উইকেট হারালেও ডি ভিলিয়ার্সের ৫০ বলে হার না মানা ১০০ রানের সঙ্গে অ্যালেক্স হেলসের ৫৩ বলে অপরাজিত ৮৫ রানে ভর দিয়ে সহজ জয় পেয়েছে রংপুর। রনি তালুকদারের হাফসেঞ্চুরিতে ঢাকার ২০ ওভারে ৬ উইকেটে করা ১৮৬ রান ২ উইকেট হারিয়ে ১০ বল আগেই টপকে যায় মাশরাফিরা।
এই জয়ে ১০ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বসেছে রংপুর। বর্তমান চ্যাম্পিয়নদের (০.৬৯) চেয়ে এক ম্যাচ কম খেলা কুমিল্লা ভিক্টোরিয়ান্স (০.৪৪) ও চট্টগ্রাম ভাইকিংসের (-০.১৭) পয়েন্ট সমান হলেও নেট রানরেটে পিছিয়ে আছে তারা।
চট্টগ্রামে উঠলো ডি ভিলিয়ার্স ঝড়। ইনিংসের দ্বিতীয় ওভারে পরপর দুই বলে ক্রিস গেইল (১) ও রাইলি রোসোকে (০) আউট করে যখন আন্দ্রে রাসেল স্বপ্ন দেখছিলেন হ্যাটট্রিকের, ঠিক তখনই মাঠে নেমে ছক্কা দিয়ে তিনি শুরু করেন ইনিংস। আক্রমণাত্মক সেই শুরু চালু রেখে একের পর এক বল করেছেন সীমানাছাড়া। তার সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছেন আরেক ওপেনার হেলস। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে আর কোনও উইকেট না হারিয়ে সহজ জয় নিশ্চিত করে রংপুর। তৃতীয় উইকেটে ডি ভিলিয়ার্স-হেলস গড়েন রেকর্ড ১৮৫ রানের জুটি।
মাত্র ৫০ বলে সেঞ্চুরি পূরণ করেন ডি ভিলিয়ার্স। সাকিব আল হাসান ও সুনিল নারিনের ওপর ঝড় বইয়ে দিয়ে এই প্রোটিয়া ব্যাটসম্যান ৮ চারের সঙ্গে বিশাল ৬ ছক্কায় পূরণ করেন বিপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। শুরুতে রংপুর ২ উইকেট হারালেও ডি ভিলিয়ার্সের সঙ্গে হেলসের ঝড়ো ব্যাটিংয়ে ঢাকাকে করতে হয় অসহায় আত্মসমর্পণ।
রংপুরের দাপুটে এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন হেলস। আগের ম্যাচে ঝড়ো সেঞ্চুরির পর ঢাকার বিপক্ষেও ধরে রাখলেন ছন্দ। এবার সেঞ্চুরি না পেলেও তাকে আউট করতে পারেনি ঢাকা। ৫৩ বলে হার না মানা ৮৫ রানের ইনিংসটি এই ওপেনার সাজিয়েছেন ৮ চার ও ৩ ছক্কায়।
তবে ঢাকা-রংপুরের হাইভোল্টেজ ম্যাচের সবটুকু আলো নিজের দিকে নিয়েছেন ডি ভিলিয়ার্স। বড় সংগ্রহের ইঙ্গিত আগের ম্যাচগুলোতে দিলেও প্রয়োজনের মুহূর্তে ধরা দিলেন বিধ্বংসী রূপে। যাতে তৃতীয় সেঞ্চুরি পূরণ করে দেখালেন আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ব্যাটের ধার কমেনি এতটুকু।








