মাত্র ১৪ রানের লক্ষ্য, ১৩ বল খেলেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের উল্লাস করলো ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সেই উৎসবের মাঝেও রয়েছে শোকের আবহ। আগের রাতেই মা হারিয়েছেন ২২ বছর বয়সী পেসার আলজারি জোসেফ। চাইলে নাও খেলতে পারতেন। কিন্তু সেটা করেননি। শোককে শক্তিতে পরিণত করে ব্যাটে-বলে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। আর এই জয় তার মা ও শোকসন্তপ্ত পরিবারকে উৎসর্গ করেছেন হোল্ডার।
১০ উইকেটের জয়ে ২-০ তে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। রবিবার মাত্র ৯৭ রানের ব্যবধানে ১০ উইকেটের সবগুলো হারায় ইংল্যান্ড। ১৩২ রানে অলআউট হয় তারা দ্বিতীয় ইনিংসে। এর আগে প্রথম ইনিংসে ৬ উইকেটে ২৭২ রানে তৃতীয় দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ।
জোসেফের মায়ের মৃত্যু দলকে আরও শক্তিশালী করে তুলেছিল বলেছেন হোল্ডার। শোকসন্তপ্ত সতীর্থের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেছেন, ‘এই অনুভূতি ব্যক্ত করা কঠিন। আমরা আমাদের লিড বাড়িয়ে নিতে সকাল শুরু করেছিলাম, আলজারির মায়ের মৃত্যুর সংবাদ শুনে আমরা সবাই চেয়েছিলাম ঐক্যবদ্ধ থেকে তার জন্য জয় ছিনিয়ে আনতে।’
ব্রেইন টিউমারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে মৃত্যুর কাছে হার মেনেছেন জোসেফের মা শ্যারন। ঘরের মাঠে এই দুঃসংবাদ শুনেও দল ছেড়ে চলে যাননি ডানহাতি পেসার। তাই তো ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে যখন ১০ নম্বরে ব্যাট করতে নামলেন, তখন গ্যালারি থেকে তাকে হাততালি দিয়ে সমবেদনা জানিয়েছে দর্শকরা। দুই দলের খেলোয়াড়রা পরেন কালো আর্মব্যান্ড।
মা হারানোর কষ্ট নিয়েও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ব্যাটে-বলে। ক্রিজে নেমে ২০ বলে ৭ রান করে ১১৯ রানের লিড নিতে অবদান রাখেন জোসেফ। এরপর বল হাতে ৭ ওভারের স্পেলে ২ উইকেট নিয়ে ইংল্যান্ডের ব্যাটিং ধসে রাখেন ভূমিকা। ডেনলিকে আবারও বিদায় করেন, জো রুট রিভিউতে হন কট বিহাইন্ড। বেন স্টোকস স্লিপে পান জীবন।
জোসেফের দৃঢ় মানসিকতার প্রশংসা করলেন হোল্ডার, ‘আলজারি একেবারে অন্যরকম। এমন দিনেও সে মাঠে নামলো। আমি মনে করি সবাই এটা করতে পারে না, সব কৃতিত্ব তার। ভাগ্য ভালো হলে আরও তিন বা চার উইকেট পেতে পারতো সে, সেটা হতো ম্যাচসেরা পারফরম্যান্স।’
এই জয় জোসেফ ও তার পরিবারকে উৎসর্গ করলেন ক্যারিবিয়ান অধিনায়ক, ‘তাকে ও তার পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই, এটা অনেক বড় শূন্যতা। সকালে তার কান্না দেখা ছিল অনেক কষ্টের। আমরা তার জন্যই এই জয় চেয়েছিলাম। এই দিনটা তাকে, তার মাকে ও তার পরিবারকে উৎসর্গ করলাম আমরা।’ ক্রিকইনফো








