ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে আগামীকাল সোমবার। এই টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল এবং ফাইনাল সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।
রবিবার এ উপলক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘ঢাকা প্রিমিয়ার লিগের পর টি-টোয়েন্টি টুর্নামেন্টের স্পন্সর হয়েছে ওয়ালটন গ্রুপ। আমরা আগেও এই টুর্নামেন্ট আয়োজন করতে চেয়েছিলাম, কিন্তু নানা জটিলতায় পারিনি। এবার সেই সুযোগ পেয়েছি। গাজী টিভি টি-টোয়েন্টি টুর্নামেন্টের তিনটি ম্যাচ সম্প্রচার করবে। আশা করি, ঢাকা লিগেরও কয়েকটি ম্যাচ সম্প্রচার করবে তারা।’
গাজী টিভির ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফায়েজ বলেছেন, ‘আমাদের জন্য এটা খুবই সাহসী সিদ্ধান্ত। এই প্রথম আমরা এইচডি প্রোডাকশনে বাংলাদেশের কলাকুশলী নিয়ে এবং নিজেদের যন্ত্রপাতি ব্যবহার করে ক্রিকেট ম্যাচ সম্প্রচার করবো। সম্প্রচারের সময় কোনও ভুল-ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী, ডিপিএলের প্রধান পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম এবং সহযোগী পৃষ্ঠপোষক মডেল গ্রুপের পরিচালক কানাইলাল সরকার।
টি-টোয়েন্টি টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা হবে মিরপুর শেরে বাংলা এবং ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। ১ মার্চ দুটি সেমিফাইনাল এবং ৩ মার্চ ফাইনালের ভেন্যু মিরপুর। ফতুল্লায় প্রথম ম্যাচ সকাল ৯টায় এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে বেলা দেড়টায়। আর মিরপুরে প্রথম ম্যাচ বেলা সাড়ে ১২টায় ও দ্বিতীয় ম্যাচ বিকেল সাড়ে ৫টায়।
লিগের ১২টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে লড়াই করবে এই টুর্নামেন্টে। ‘এ’ গ্রুপে লিগ চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের সঙ্গে খেলবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। ‘বি’ গ্রুপে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গী খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ও উত্তরা স্পোর্টিং ক্লাব। ‘সি’ গ্রুপের তিনটি দল লিজেন্ডস অব রূপগঞ্জ, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। আর ‘ডি’ গ্রুপে আছে প্রাইম দোলেশ্বর, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও বিকেএসপি।








