অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে পাকিস্তান বিশ্রাম দিয়েছে ছয় খেলোয়াড়কে, যার মধ্যে আছেন অধিনায়ক সরফরাজ আহমেদ। তার বিশ্রামে সংযুক্ত আরব আমিরাতের সিরিজে শোয়েব মালিককে অধিনায়ক করে ঘোষিত স্কোয়াডে ফিরেছেন উমর আকমল ও জুনায়েদ খান।
বিশ্বকাপের আগে ওয়ানডে স্কোয়াডের নিয়মিত খেলোয়াড়দের বিশ্রামে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে সরফরাজ ছাড়াও বাইরে থাকছেন বাবর আজম, শাহীন আফ্রিদি, ফখর জামান, শাদাব খান ও হাসান আলী।
তাদের বিশ্রামে আবারও পাকিস্তান দলের দরজা খুলেছে উমল আকমলের। দুই বছর পর তিনি ফিরেছেন ওয়ানডেতে। ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান ২০১৭ সালের জানুয়ারিতে সবশেষ ওয়ানডে খেলেছেন। জুনায়েদ খান অবশ্য কিছুদিন আগেও খেলেছেন জাতীয় দলে। ২০১৮ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন তিনি। তাদের সঙ্গে পাকিস্তান স্কোয়াডে রেখেছে নতুন তিন মুখ- ব্যাটসম্যান সাদ আলী, পেসার মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ হাসনাইনকে।
সংযুক্ত আরব আমিরাতের শারজায় ২২ মার্চ শুরু হবে পাকিস্তান-অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ। পাঁচ ম্যাচের সিরিজটি শেষ হবে ৩১ মার্চ দুবাইয়ে। ক্রিকইনফো
পাকিস্তান স্কোয়াড: শোয়েব মালিক (অধিনায়ক), আবিদ আলী, ফাহিম আশরাফ, হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, জুনায়েদ খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সাদ আলী, শান মাসুদ, উমর আকমল, উসমান শিনওয়ারি, ইয়াসির শাহ।








