ওয়েলিংটন টেস্টে তামিম ইকবালের ব্যাটে শুভ সূচনা হয় বাংলাদেশের। কিন্তু নেইল ওয়াগনার বল হাতে বড় ধাক্কা দেন সফরকারীদের ব্যাটিং লাইনআপে। টানা তিন ওভারে নিউজিল্যান্ডের বাঁহাতি পেসারের কাছে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছে বাংলাদেশ। সবশেষ তামিম বিদায় নিলেন ৭৪ রানে। ৪১ ওভারে ৪ উইকেটে ১৫১ রান বাংলাদেশের।
বেসিন রিজার্ভে বৃষ্টিতে প্রথম দুই দিনের খেলা পরিত্যক্ত হয়। রবিবার তৃতীয় দিন রোদেলা সকালে আধঘণ্টা আগে টস হয়। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন টস জিতে নেন ফিল্ডিং। আরেকবার ব্যাটিংয়ের সুযোগ পেয়ে জ্বলে ওঠেন তামিম।
হ্যামিল্টন টেস্টের পর ওয়েলিংটনেও চমৎকার তামিম। হ্যামিল্টনে ১২৬ ও ৭৪ রান করা এই বাঁহাতি ব্যাটসম্যান ৮১ বলে ৬ চারে ফিফটি করেন। তার আগে ৭৫ রানের জুটি গড়েন সাদমান ইসলামকে নিয়ে।
২১তম ওভারে এই জুটি ভাঙেন কলিন ডি গ্র্যান্ডহোম। ৫৩ বলে ২৭ রান করে রস টেলরের ক্যাচ হন সাদমান।
কিছুক্ষণ পর বল হাতে নেন ওয়াগনার। প্রথম ওভারে ১০ রান দিলেও পরের তিন ওভারে মুমিনুল হক ও মোহাম্মদ মিঠুনকে ফেরান তিনি। এই আঘাতে বাংলাদেশ প্রথম সেশন শেষ করে ৩ উইকেটে ১২৭ রানে।
দ্বিতীয় সেশনের শুরুতে বিদায় নেন তামিমও। তার আগে নিউজিল্যান্ডের কাছে ওপেনিং জুটি ভাঙার পরপরই হাফসেঞ্চুরি উদযাপন করেন তিনি। তারপর ক্রিজে নেমে মুমিনুল বেশিক্ষণ টিকতে পারেননি। নেইল ওয়াগনারের বলে ১৫ রানে বিজে ওয়াটলিংকে ক্যাচ দেন বাঁহাতি ব্যাটসম্যান। আগের বলেই রিভিউ নিয়ে আম্পায়ারের আউটের সিদ্ধান্ত ভুল প্রমাণ করেন মুমিনুল।
মিঠুনকেও নিজের শিকার বানান ওয়াগনার। কিউই পেসার তার পরের ওভারে ওয়াটলিংয়ের গ্লাভসবন্দি করেন তাকে। তার আগের বলে ওয়াগনার কট বিহাইন্ডের জোরালো আবেদন করলে আম্পায়ার আঙুল তোলেন। রিভিউ নিয়ে ওই যাত্রায় মিঠুন বেঁচে গেলেও পরের বলে বিদায় নেন। মাত্র ৩ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান।
১১৪ বলে ১৯ চারে ৭৪ রান করেছেন তামিম। তিনি ক্যাচ দেন টিম সাউদিকে। ক্রিজে আছেন মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার।
এই টেস্টে দুটি বদল নিয়ে নেমেছে বাংলাদেশ। দল থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ ও খালেদ আহমেদ। জায়গা পেয়েছেন তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। আর নিউজিল্যান্ড দলে টড অ্যাস্টল জায়গা হারিয়েছেন ম্যাট হেনরির কাছে।








