ব্যাটিংয়ের সঙ্গে বোলিংয়েও জ্বলে উঠলেন সাব্বির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৯, ১৯:১৭আপডেট : ১১ মার্চ ২০১৯, ১৯:১৭

আবাহনীকে জিতিয়ে ম্যাচসেরা সাব্বির রহমান ব্যাটিংয়ের সঙ্গে বোলিংয়েও জ্বলে উঠলেন সাব্বির রহমান। তার অলরাউন্ড পারফরম্যান্সে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বিশাল জয় পেয়েছে আবাহনী। সোমবার তাদের সঙ্গে জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাদার্স ইউনিয়ন ও লিজেন্ডস অব রূপগঞ্জ।

আবাহনী-উত্তরা

সাব্বির রহমানের পারফরম্যান্সে টানা দ্বিতীয় জয় পেয়েছে আবাহনী। ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে উত্তরা স্পোর্টিং ক্লাবকে বর্তমান চ্যাম্পিয়নরা হারিয়েছে ১৮৯ রানে। টস হেরে ব্যাটিংয়ে নেমে আবাহনী নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে করে ২৮৫। জবাবে ব্যাটিং বিপর্যয়ে পড়া উত্তরা ৩৩ ওভারে অলআউট হয়ে যায় মাত্র ৯৬ রানে।

প্রথম ম্যাচে খুব একটা সুবিধা করতে না পারলেও উত্তরার বিপক্ষে ব্যাট-বল দুই বিভাগেই জ্বলে উঠেছিলেন সাব্বির। ব্যাট হাতে অপরাজিত ৬১ রান করার পর বোলিংয়ে ২ ওভারে মাত্র ৪ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতেই।

সাব্বির ৩৫ বলে তার ঝড়ো ইনিংসটি সাজান ৪ বাউন্ডারি ও ৪ ছক্কায়। তার আগে হাফসেঞ্চুরি পূরণ করেছেন আবাহনীর আরও দুই ব্যাটসম্যান- নাজমুল হোসেন শান্ত ও মোসাদ্দেক হোসেন। শান্ত খেলেছেন দলীয় সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস, আর অধিনায়ক মোসাদ্দেকের ব্যাট থেকে আসে ৬৪ রান।

আবাহনীর ব্যাটসম্যানদের দাপটে উত্তরার সবচেয়ে সফল বোলার নাহিদ হাসান। ৭০ রান দিয়ে তার শিকার ৩ উইকেট।

২৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে আবাহনীর বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন উত্তরার ব্যাটসম্যানরা। ব্যাটিং ব্যর্থতায় সর্বোচ্চ ২৪ রান আসে শাকির হোসেনের ব্যাট থেকে। উত্তরাকে গুঁড়িয়ে দেওয়ার পথে রুবেল হোসেন মাত্র ১৬ রান দিয়ে নেন ৩ উইকেট। ২টি করে উইকেট পেয়েছেন সাব্বির ও আরিফুল হাসান।

রূপগঞ্জ-শাইনপুকুর

বিকেএসপিতে রান উৎসব করেছে রূপগঞ্জ ও শাইনপুকুর। দুদলই করে ৩০০ ছাড়ানো স্কোর, যেখানে ২৩ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে রূপগঞ্জ। মোহাম্মদ নাঈম ও নাঈম ইসলামের সেঞ্চুরিতে রূপগঞ্জ ৫০ ওভারে ৭ উইকেটে করে ৩৫৭ রান। কঠিন লক্ষ্যে সাব্বির হোসেনের শতকে লড়াই করলেও ৪৯ ওভারে ৩৩৪ রানে গুটিয়ে যায় শাইনপুকুর।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূরণ করেছেন মোহাম্মদ নাঈম। ১০৮ বলে ৮ বাউন্ডারি ও ৬ ছক্কায় ম্যাচসেরার পুরস্কার জেতা বাঁহাতি এই ব্যাটসম্যান করেছেন ১২২ রান। আর লিস্ট ‘এ’ ক্যারিয়ারের নবম সেঞ্চুরি পূরণ করে অধিনায়ক নাঈম ইসলাম ৯৮ বলে ১১ চার ও ২ ছক্কায় খেলেন ১০৮ রানের ইনিংস। তাদের সেঞ্চুরিতেই বড় সংগ্রহ পায় রূপগঞ্জ।

কঠিন লক্ষ্যে খেলতে নেমে সাব্বির হোসেনের ৮৭ বলে ৮ চার ও ৩ ছক্কায় খেলা ১০০ রানের সঙ্গে তৌহিদ হৃদয়ের ৮১ বলে খেলা ৮৩ রানের ইনিংসে লড়াই করে হেরেছে শাইনপুকুর। নাবিল সামাদ ৫১ রান খরচায় পেয়েছেন ৩ উইকেট।

ব্রাদার্স-শেখ জামাল

শেরে বাংলা স্টেডিয়ামে শেখ জামালকে ৭ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। শেখ জামাল ৪৭.৫ ওভারে ১৮০ রানে অলআউট হলে ব্রাদার্স ৩ উইকেট হারিয়ে ৭৯ বল আগেই নিশ্চিত করে জয়।

টস হেরে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি শেখ জামাল। সর্বোচ্চ ৪২ রান আসে লোয়ার অর্ডারে নামা ইলিয়াস সানির ব্যাট থেকে। ৩৪ রান করেন রাকিন আহমেদ, আর তানভীর হায়দার করেন ৩২। ব্রাদার্সের সবচেয়ে সফল বোলার মেহেদী হাসান ২৫ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। শাখাওয়াত হোসেনের শিকারও ৩ উইকেট।

১৮১ রানের লক্ষ্য ব্রাদার্স সহজেই টপকে গেছে মিজানুর রহমান ও চিরাগ জানির হাফসেঞ্চুরিতে। ম্যাচসেরা মিজানুর খেলেন দলীয় সর্বোচ্চ ৭১ রানের ইনিংস। আর জানি অপরাজিত ছিলেন ৫০ রানে।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম