সাতক্ষীরায় নিষিদ্ধ হয়ে ক্ষুব্ধ রবিউল

রবিউল ইসলাম
১১ মার্চ ২০১৯, ২১:০৫আপডেট : ১১ মার্চ ২০১৯, ২১:১৫

রবিউল ইসলাম ২০১৩ সালে জিম্বাবুয়ে সফরে শিরোনামে এসেছিলেন তিনি। স্বাগতিকদের সঙ্গে বাংলাদেশের ড্র করা টেস্ট সিরিজে আলো ছড়িয়েছিলেন রবিউল ইসলাম। দুই টেস্টে এই পেসারের শিকার ছিল ১৫ উইকেট। সময়ের পালা বদলে জাতীয় দলে থেকে ছিটকে পড়া রবিউল আরেকবার আলোচনায়, তবে এবার নেতিবাচক কারণে।

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা এই ক্রিকেটারকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে। সাতক্ষীরায় ক্রীড়াঙ্গনের কোনও খেলায় অংশ নেওয়া বা উপস্থিত থাকতে পারবেন না রবিউল। ‘অসদাচরণের’ দায়ে গত ৬ মার্চ সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সাব-কমিটির চেয়ারম্যান অনিন্দিতা রায় স্বাক্ষরিতপত্রে তাকে বহিষ্কারাদেশ দেওয়া হয়।

সোমবার অনিন্দিতা রায় শাস্তির ব্যাপারে বাংলা ট্রিবিউনের সাতক্ষীরা প্রতিনিধিকে বলেছেন, ‘ক্রিকেটার রবিউল ইসলামকে ২৫ ফেব্রুয়ারি অসদাচরণের অভিযোগে শোকজ নোটিশ দেয় জেলা ক্রীড়া সংস্থা। ওই সময় তাকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে শোকজের লিখিত জবাব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। তবে তার দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় ক্রিকেট সাব-কমিটির ৫ মার্চের সভায় তাকে তিন বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।’ সঙ্গে তিনি এটাও নিশ্চিত করেছেন, ‘সে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ক্রিকেট সহ সব ক্রীড়া কার্যক্রম থেকে (খেলোয়াড়, টিম ম্যানেজার, কোচ) বহিষ্কার থাকবে।’

এই শাস্তি কিছুতেই মানতে পারছেন না রবিউল। কেন এত বড় শাস্তি দেওয়া হলো, সেই কারণ নিজেই খুঁজছেন তিনি। বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বলার সময় তার বিস্ময়, ‘সত্যি কথা বলতে আমিও ধোঁয়াশার মধ্যে আছি- কেন তারা এটা করেছে। ওরা বলছে অসদাচরণের কারণে আমাকে নিষিদ্ধ করেছে। আমি একজন জাতীয় খেলোয়াড়। কিন্তু গত বছরও আমাকে সাতক্ষীরা লিগে রাখেনি, এবারও রাখা হয়নি। এটা জানতে চাওয়া যদি আমার অপরাধ হয়ে থাকে, তাহলে আসলে বলার কিছু নেই।’

তাই শাস্তির কারণ জানতে তদন্ত চান ২০১৪ সালে বাংলাদেশের জার্সিতে সবশেষ ম্যাচ খেলা এই পেসার, ‘আমাকে খেলোয়াড়, কোচ, ম্যানেজার সব বিভাগ থেকেই নিষিদ্ধ করা হয়েছে। আমি বিসিবির মাধ্যমে সুষ্ঠু তদন্ত চাই এবং স্পষ্ট করে জানতে চাই আমার দোষটা কোথায়।’

চলতি মৌসুমে সাতক্ষীরা জেলা ক্রিকেট দলে ডাক না পেয়ে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে নাকি কয়েক দফা চরম খারাপ ব্যবহার করেন রবিউল। বিষয়টি স্বীকার না করলেও এ ব্যাপারে যে ক্ষোভ ছিল, সেটা তার এই কথাতেই স্পষ্ট, ‘আমি হয়তো ঢাকা প্রিমিয়ার লিগ কিংবা বিপিএলে সুযোগ পাচ্ছি না, তবে জাতীয় লিগে তো শেষবারও খেলেছি। কিন্তু পরপর দুই বছর (সাতক্ষীরা জেলার) ২৭ থেকে ৩০ জনের দলেও জায়গা না পাওয়াটা হতাশার। আমি কি এতই পচে গেছি যে, আমাকে ওরা রাখবে না? তাহলে বলতে হবে, আমার ক্রিকেট খেলে লাভ কী।’

রবিউল ইসলামকে বহিষ্কারের চিঠি ১৮ ফেব্রুয়ারি প্রিমিয়ার লিগের প্লেয়ারস ড্রাফট অনুষ্ঠানের পর দল না পেয়ে অবসরের ঘোষণা দেন রবিউল। ওই হতাশার সঙ্গে নিষেধাজ্ঞার শাস্তিতে ক্ষোভ ঝরেছে বাংলাদেশের জার্সিতে ৯ টেস্ট, ৩ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলা এই পেসারের কণ্ঠে। তার আক্ষেপ, ‘আমি নোটিশ পাওয়ার পর ওদের জবাব দিয়েছি, যদিও আমার লিখিত বক্তব্য সন্তোষজনক মনে হয়নি। কিন্তু এত বড় শাস্তি দেওয়ার আগে তারা তো একটা নোটিশ কিংবা সতর্কবার্তা দিতে পারতো!’

সতর্কবার্তা অবশ্য পেয়েছিলেন রবিউল। জেলা ক্রীড়া সংস্থার একটি সূত্র বাংলা ট্রিবিউনের সাতক্ষীরা প্রতিনিধিকে জানিয়েছেন, আচরণগত সমস্যায় তাকে কয়েকবার সতর্ক করা হলেও তিনি তার কৃতকর্মের জন্য অনুতপ্ত না হয়ে একের পর এক বিতর্কের জন্ম দিয়েছেন। তাই সর্বশেষ ‘বাধ্য’ হয়ে জেলা ক্রীড়া সংস্থা তাকে শোকজ নোটিশ পাঠায়।

রবিউলের বিরুদ্ধে অভিযোগ, সাতক্ষীরা সরকারি কলেজ মাঠের কিউরেটরের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের। তারও আগে জাতীয় দলে থাকার সময় একই মাঠে এক শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করে আলোচনায় এসেছিলেন তিনি। সেবার ক্ষমা চেয়ে রেহাই পেলেও আচরণে ইতিবাচক পরিবর্তন আসেনি তার। তাই এবার কঠিন শাস্তিই দিয়েছে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম