ওয়েস্ট ইন্ডিজকে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর ৬ মাস যেতেই হঠাৎ বরখাস্ত করা হয় কোচ ফিল সিমন্সকে। ওই ঘটনায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মামলা করেন সাবেক টেস্ট ওপেনার। অবশেষে অ্যান্টিগার ইন্ডাস্ট্রিয়াল কোর্টে এর মীমাংসা হয়েছে। বোর্ড ক্ষমা চেয়েছে সিমন্সের কাছে এবং আর্থিক ক্ষতিপূরণও দিতে সম্মত হয়েছে।
সম্প্রতি সাবেক খেলোয়াড়দের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন মেটাতে কাজ শুরু করেছেন নতুন বোর্ড প্রেসিডেন্ট রিকি স্কেরিট। তারই অংশ হিসেবে নির্বাচনের পরপরই অ্যান্টিগায় দেখা করেছেন তিনি সিমন্সের সঙ্গে। বর্তমান আফগানিস্তান কোচকে তিনি বলেছেন, ‘আপনার নিয়োগ একটি ভুল ছিল বলায় আমরা ক্ষমা চাইছি। প্রধান কোচ হিসেবে আপনাকে নির্বাচন করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ কোনও ভুল করেনি।’
মঙ্গলবার অ্যান্টিগা ইন্ডাস্ট্রিয়াল কোর্টে আর্থিক ক্ষতিপূরণের ব্যাপারেও নিষ্পত্তি হয়েছে। তবে তার পরিমাণ জানায়নি কোনও পক্ষ। এই ঝামেলায় মীমাংসা হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আফগানিস্তানের কোচ, ‘আমার পরিবার ও আমি স্বস্তি পাচ্ছি যে শেষ পর্যন্ত এই ঝামেলা মিটে গেছে। আমি আরও আনন্দিত যে ব্যাপারটা সুন্দরভাবে হয়ে গেলো। নির্বাচন শেষে আগের চেয়েও অনেক বেশি বিশ্বাস আমার মনে জন্মেছে যে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ভবিষ্যৎ ভালো হাতে পড়েছে।’ টাইমস অব ইন্ডিয়া, ক্রিকইনফো







