বাংলাদেশ দলের জার্সি নকল করে চড়া দামে বিক্রি বন্ধে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার আর সেই সুযোগ পাবেন না সাধারণ ব্যবসায়ীরা। এবার আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ জার্সি বিক্রির ব্যবস্থা নিয়েছে বোর্ড। বাংলাদেশ দলের জার্সিকে সহজলভ্য ও সবার ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নিয়েছে জার্সি বিক্রির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ।
দেশের দুই জনপ্রিয় ব্র্যান্ড অঞ্জনস ও জেন্টল পার্কের প্রায় সব আউটলেটে বিক্রি হবে বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি। ক্রেতা সাধারণের জন্য সুযোগ থাকছে অনলাইট স্টোর থেকে পছন্দের জার্সি কেনার। ক্রিকশপ বিডি ও জার্সি ফ্রিক বিডি নামে দুই অনলাইন প্রতিষ্ঠান থেকে ক্রেতারা জার্সি কেনার সুযোগ পাবেন। এছাড়া স্পোর্টস অ্যান্ড স্পোর্টজের এক্সক্লুসিভ পার্টনার ডিমানি অ্যাপের মাধ্যমেও পাওয়া যাবে।
সারা দেশের ক্রিকেট ভক্তদের মাঝে জার্সি ছড়িয়ে দিতে আলাদাভাবে কাজ করবে রবিন স্পোর্টস। আগামী দুই-একদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে মাশরাফিদের বিশ্বকাপের জার্সি উন্মোচন করবে বিসিবি। এরপরই এসব সেলস পয়েন্টগুলোতে জার্সি পাওয়া যাবে।
সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে বাংলাদেশ দলের ম্যাচ জার্সির দাম নির্ধারণ করা হয়েছে ভ্যাট ও ট্যাক্স সহ ১ হাজার ১৫০ টাকা। আউটলেটগুলোতে মূল জার্সির পাশাপাশি অ্যাওয়ে জার্সিও মিলবে।
শুধু বাংলাদেশেই নয়, বিশ্বকাপ চলাকালে ইংল্যান্ডেও আইসিসির ভেন্যুগুলোতে মাশরাফিদের জার্সি পাওয়া যাবে। প্রবাসী দর্শকরা ইংল্যান্ড ও ওয়েলসের বিভিন্ন জায়গা থেকে জার্সি সংগ্রহ করতে পারবেন। আর ম্যাচ ভেন্যু ও ভেন্যুর বাইরে আইসিসির অফিসিয়াল স্টোরেও টাইগারদের জার্সি বিক্রির পরিকল্পনা করছে স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ।
এই উপলক্ষে শনিবার বিকেলে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান ও স্পোর্টস অ্যান্ড স্পোর্টজের কর্ণধার মেহতাবউদ্দিন আনোয়ার আহমেদ সেন্টু সহ আরও অনেকে।








