আড়াই মাস পর ব্যাট হাতে নিলেন সাকিব আল হাসান। কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারলেন না সানরাইজার্স হায়দরাবাদের বাংলাদেশি ব্যাটসম্যান। ৩০ বল ক্রিজে থাকার সুযোগ পেলেও রান করলেন মাত্র ৯। তার ১০ বলের ইনিংসে ছিল না কোনও বাউন্ডারি।
রাজস্থান রয়্যালসের বিপক্ষে একাদশে সুযোগ পান সাকিব। এনিয়ে তৃতীয় ম্যাচ খেলছেন হায়দরাবাদ অলরাউন্ডার। তবে ব্যাটিংয়ে নামার সুযোগ হলো প্রথমবার। এর আগে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের বিপক্ষে একাদশে ছিলেন। শুধু বল করেছিলেন, কিন্তু দুই ম্যাচে নেন মাত্র একটি উইকেট। জয়ের দেখা পাননি একটিও।
শনিবার ১৫তম ওভারের শেষ বলে মানীষ পান্ডে আউট হলে ১৬তম ওভারে ক্রিজে নামেন সাকিব। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ওই ওভারের তৃতীয় বলে দৌড়ে দুটি রান নিয়ে খাতা খোলেন বাঁহাতি ব্যাটসম্যান। বরুন অ্যারনের ওই ওভারে আরও দুটি রান নন সিঙ্গেলে। তবে পরের ওভারের প্রথম বলে অ্যারন দুর্দান্ত ডাইভ দিলেও সাকিবের ক্যাচ ধরতে ব্যর্থ হন।
জীবন পেয়ে সাকিব আরও সাবধানী ব্যাটিং করতে থাকেন। ১৯তম ওভারের প্রথম বলে জয়দেব উনারকাটকে মিডউইকেট দিয়ে চার মারতে গিয়ে লং অনে শ্রেয়াস গোপালের ক্যাচ হন বাংলাদেশি ব্যাটসম্যান। ৮ ফেব্রুয়ারি বিপিএল ফাইনালের পর ব্যাট হাতে নিয়েও সুযোগটা কাজে লাগাতে পারলেন না সাকিব।
সাকিবসহ অন্য ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও মানীষের ৬১ ও ডেভিড ওয়ার্নারের ৩৭ রানের কল্যাণে হায়দরাবাদ ৮ উইকেটে স্কোরবোর্ডে তুলেছে ১৬০ রান। ক্রিকইনফো








