বুধবার ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমে ৫৯ রানে দুটি উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। পল স্টারলিংয়ের ফিফটিতে ১৮ ওভারে ২ উইকেটে ৯২ রান করেছে স্বাগতিকরা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত সোমবার ওয়ানডে অভিষেক ঝলমলে হয়নি আবু জায়েদ রাহীর। বল হাতে বেশ খরুচে ছিলেন তিনি, পাননি একটি উইকেটও। ৯ ওভারে দেন ৫৬ রান। অবশেষে ওয়ানডেতে প্রথম উইকেট শিকার করলেন বাংলাদেশের এই পেসার। ত্রিদেশীয় সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপজ্জনক ব্যাটসম্যান অ্যান্ড্রু বালবিরনিকে ফেরালেন রাহী। ২০ রানে তাকে মুশফিকুর রহিমের ক্যাচ বানান এই পেসার।
এর আগে প্রস্তুতি ম্যাচের সেঞ্চুরিয়ান জেমস ম্যাককলামকে মাঠ ছাড়া করেন রুবেল হোসেন। ‘এ’ দলের হয়ে ১০২ রান করা এই আইরিশ ওপেনার বাংলাদেশের বিপক্ষে মাত্র ৫ রান করে বিদায় নিলেন। ১০ বলে একটি চারের ইনিংস খেলে লিটন দাসকে ক্যাচ দেন তিনি। চতুর্থ ওভারে ৩১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন রুবেল।
নিয়ম রক্ষার ম্যাচ হলেও লিগ পর্বের শেষ ম্যাচটিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে টাইগাররা। এই ম্যাচে আইরিশদের হারিয়ে ফাইনালের প্রস্তুতিটাও সেরে রাখতে চায় মাশরাফি বাহিনী। হেসে খেলে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর ক্রিকেটপ্রেমীরা ভাবছে আয়ারল্যান্ডকে হারানো আর এমন কী? কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তিনশোর বেশি রান তুলে আইরিশরা তাদের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিয়েছে। এই অবস্থা ম্যাচটি যে সহজ হবে না, তা বলাই যায়! যদিও দুই দলের পরিসংখ্যানে বাংলাদেশই এগিয়ে। ওয়ানডেতে দুই দল মুখোমুখি হয়েছে ১০ বার। যার ৬টিতে জিতেছে বাংলাদেশ, ২টি আয়ারল্যান্ড। অন্যটি দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
তবে আজকের ম্যাচে জয় পরাজয় ছাপিয়ে বাংলাদেশের সামনে ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে পরীক্ষা-নিরিক্ষার ম্যাচ হিসেবে। বিশ্বকাপের আগে সবাইকে ম্যাচ খেলার সুযোগ দিতে এ ম্যাচে পরিবর্তন এসেছে। সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়া হয়েছে। তামিম ইকবালের সঙ্গে উদ্বোধনী জুটি গড়বেন লিটন দাস। মোসাদ্দেক হোসেন ও রুবেল হোসেনের সঙ্গে ফিরেছেন চোট কাটিয়ে ওঠা মোহাম্মদ সাইফউদ্দিন।
পরীক্ষা-নিরীক্ষার এই ম্যাচে বাংলাদেশের দুই অধিনায়কের সামনে মাইলফলকের হাতছানি। অধিনায়ক হিসেবে উইকেটের সেঞ্চুরির পথে মাশরাফি। ৭৫ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে ইতোমধ্যেই তুলে নিয়েছেন ৯৭টি উইকেট। এ ম্যাচে ৩টি উইকেট নিতে ওয়াসিম-ইমরান খানদের কাতারে পৌঁছাবেন তিনি। এছাড়া সহ-অধিনায়ক সাকিবও দাঁড়িয়ে আরেকটি মাইলফলকের সামনে। আইরিশদের বিপক্ষে ১টি উইকেট নিলে দ্রুততম ক্রিকেটার হিসেবে ২৫০ উইকেট ও ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
এই ম্যাচটিতে জয় তুলে আগামী শুক্রবার ফাইনাল খেলতে পারলে, বিশ্বকাপের প্রস্তুতিতে এর চেয়ে ভালো কিছুই আর হতে পারে না। ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাওয়ার আগে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেবার সেমিফাইনালে গিয়ে শেষ করেছিল চ্যাম্পিয়নস ট্রফির মিশন। এই বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে বিশ্বকাপে ভিন্ন এক বাংলাদেশকে দেখার অপেক্ষায় গোটা দেশ।
বাংলাদেশ দল: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটনস দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী, মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন।
আয়ারল্যান্ড দল: উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), পল স্টারলিং, জেমস ম্যাককলাম, অ্যান্ডি বালবিরনি, কেভিন ও’ব্রায়ান, মার্ক অ্যাডাইর, গ্যারি উইলসন, জর্জ ডকরেল, বয়েড র্যানকিন, ব্যারি ম্যাককার্থি ও জস লিটল।








