টানা ১০ ওয়ানডে হারের বৃত্ত ভাঙার লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। নটিংহামের ট্রেন্ট ব্রিজে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করবে তারা। কারণ টস জিতে ফিল্ডিং নিয়েছে উইন্ডিজ।
ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৩টা থেকে; সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা, গাজী টিভি ও স্টার স্পোর্টস ১।
টস জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার বলেছেন, ‘আমরা প্রথমে ফিল্ডিং করবো। আমি মনে করি না যে দিনের শুরুর কন্ডিশন বদলে যাবে। আশা করি আমরা শুরুতে উইকেট পাবো। এভিন লুইস ও শ্যানন গ্যাব্রিয়েল ফিট নেই, বাদ দিয়েছি ফ্যাবিয়ান অ্যালেন ও কেমার রোচকে।’
আগে ব্যাটিং চাননি পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ, ‘আমরাও প্রথমে বল করতে চাইতাম। কারণ উইকেটে আর্দ্রতা আছে। কিন্তু এটা ব্যাপার নয়। এটা ভালো ব্যাটিং পিচ, আমাদের ব্যাটিং লাইন আপ ফর্মে আছে। আমির ও ওয়াহাব অনেক অভিজ্ঞ বোলার, আসিফ আলী খেলছে না।’
পাকিস্তান: সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, হারিস সোহেল, মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ আমির, হাসান আলী, ওয়াহাব রিয়াজ।
ওয়েস্ট ইন্ডিজ: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, কার্লোস ব্র্যাথওয়েট, অ্যাশলে নার্স, শেলডন কট্রেল, ওশানে থমাস।








