পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ক্রিস গেইল ও আন্দ্রে রাসেল। দুজনই পড়েছিলেন চোটের শঙ্কায়। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম্যাচে দুজনকেই ফিট দেখার প্রত্যাশা ক্যারিবিয়ানদের।
ট্রেন্ট ব্রিজে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৭ উইকেটে। ৩৩ বলে হাফসেঞ্চুরি করে দারুণ ভূমিকা রাখেন গেইল। তার আগে পাকিস্তানকে ১০৫ রানে গুটিয়ে দিতে ৩ ওভারে মাত্র ৪ রান দিয়ে ২ উইকেট নেন রাসেল।
পাকিস্তানের ইনিংস শেষ হওয়ার পর রাসেলকে মাঠের বাইরে হাঁটুর চিকিৎসা নিতে দেখা গেছে। আর ৫০ রানে আউট হওয়ার কিছুক্ষণ আগে পিঠের ব্যথায় কাতরাতে দেখা গেছে গেইলকে।
তবে দুজনকে নিয়ে শঙ্কার কারণ দেখছেন না অধিনায়ক জেসন হোল্ডার। অস্ট্রেলিয়ার ম্যাচের আগে ৫ দিন সময় পাচ্ছে তারা। এই সময়ে বিশ্রাম নিলে ৬ জুন দ্বিতীয় ম্যাচের আগে গেইল-রাসেল ফিটনেস পুরো ফিরে পাবেন বিশ্বাস এই অলরাউন্ডারের।
হোল্ডার বলেছেন, ‘রাসেল খুঁড়িয়ে মাঠ ছেড়েছে। তাই আমরা আগামী কয়েক দিন তাকে পর্যবেক্ষণে রাখবো। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সে কতটা ফিট থাকে দেখবো। আমাদের পরের ম্যাচ ৫ দিন পর। দেখা যাক কী হয়। গেইলের ব্যাপারেও একই কথা বলবো।’
রাসেলও আত্মবিশ্বাসী, ‘হাঁটুর অবস্থা স্বাভাবিক হওয়ার জন্য যে সময় দরকার তার চেয়েও বেশি আছে আমার হাতে। আশা করি ঠিক হয়ে যাবে।’








