বিশ্বকাপে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে ৩০৯ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। বাবর আজম ও হারিস সোহেলের হাফসেঞ্চুরিতে ৭ উইকেটে ৩০৮ রান করে তারা। জিততে হলে নিজেদের রান তাড়া করার রেকর্ড ভাঙতে হবে প্রোটিয়াদের। ২০১১ সালের বিশ্বকাপে নাগপুরে ভারতের বিপক্ষে লক্ষ্যে নেমে ২৯৭ রান করে জিতেছিল তারা।
লর্ডসে রবিবার নিজেদের ষষ্ঠ ম্যাচে পাকিস্তান টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। দুই ওপেনার ইমাম উল হক ও ফখর জামানের ৮১ রানের জুটিতে দারুণ শুরু করে তারা। ১৭ রানের ব্যবধানে দুজনকে বিদায় করেন ইমরান তাহির।
৪৪ রানে ফখরকে হাশিম আমলার ক্যাচ বানান প্রোটিয়া লেগ স্পিনার। ইমামও ৪৪ রান করে তাহিরকে ফিরতি ক্যাচ দেন। এই ওপেনারকে ফিরিয়ে বিশ্বকাপে ৩৯তম উইকেট নিলেন তিনি। তাতে বিশ্বমঞ্চে দেশের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় অ্যালান ডোনাল্ডকে (৩৮) পেছনে ফেলে সবার উপরে জায়গা করে নেন তাহির।
এরপর বাবরের সঙ্গে ৪৫ রানের জুটি গড়ে মাঠ ছাড়েন মোহাম্মদ হাফিজ (২০)। হারিসের সঙ্গে বাবর ইনিসের যৌথ সেরা ৮১ রানের জুটি গড়েন। ৬১ বলে হাফসেঞ্চুরির পর বাবর বেশিক্ষণ টিকতে পারেননি। ৮০ বলে ৭ চারে ৬৯ রান করে আন্দিলে ফেলুকাওর শিকার হন তিনি। এরপর ইমাদ ওয়াসিম (২৩) দাঁড়িয়ে যান হারিসের সঙ্গে। ৪০ বলে ৭১ রানের জুটি গড়তে গতিময় ব্যাট করেন হারিস।
৫৯ বলে ৯ চার ও ৩ ছয়ে ৮৯ রানের চমৎকার এক ইনিংস খেলেন হারিস। ইনিংসের এক বল বাকি থাকতে লুঙ্গি এনগিদির শিকার হন তিনি। ওই ওভারের প্রথম বলে ওয়াহাব রিয়াজকে বোল্ড করেন প্রোটিয়া পেসার।
এনগিদি সর্বোচ্চ ৩ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার পক্ষে। দুটি পান তাহির।








