ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে রাখা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদকে। কাঁধের ব্যথার সঙ্গে কাফ মাসলের ইনজুরি মিলিয়ে কঠিন ছিল মাহমুদউল্লাহর এই ম্যাচে খেলা। এই অবস্থায় ব্যাটিংয়ে সমস্যা না থাকলেও ফিল্ডিংয়ে সমস্যা ছিল অভিজ্ঞ এই ব্যাটসম্যানের। গুরুত্বপূর্ণ ম্যাচে তাই মাহমুদউল্লাহকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। তার বদলি হিসেবে মিডল অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমানকে একাদশে রেখেছে ম্যানেজমেন্ট।
সাব্বির রহমানকে নিয়ে টিম ম্যানেজমেন্টর বিস্তর পরিকল্পনা থাকলেও মোসাদ্দেক ক্লিক করে যাওয়াতে সাব্বির খুব একটা সুযোগ পাননি। নটিংহামে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ম্যাচে সুযোগ পেয়ে রানের খাতা না খুলেই আউট হয়েছিলেন সাব্বির। মাহমুদউল্লাহর পরিবর্তে সুযোগ পাওয়া সাব্বির নিজেকে প্রমাণ করতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়।
ম্যাচের আগের দিনই অনেকটা নিশ্চিত ছিল ভারতের বিপক্ষে ম্যাচটিতে থাকছেন না মাহমুদউল্লাহ। অধিনায়ক মাশরাফির কথাতেই স্পষ্ট ছিল তা। তবুও ফিজিওর সবুজ সঙ্কেতের অপেক্ষায় ছিল টিম ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ খেলার মতো অবস্থায় নেই বলেই তাকে নিয়ে ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট।
মাহমুদউল্লাহ ছাড়াও দলে আরও একটি পরিবর্তন আনা হয়েছে। মেহেদী হাসান মিরাজকে বসিয়ে রুবেল হোসেনকে খেলানো হচ্ছে। চলতি বিশ্বকাপে বাংলাদেশ প্রথমবারের মতো চার পেসারকে নিয়ে মাঠে নেমেছে। সাব্বিরের মতো রুবেল হোসেনও একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ম্যাচে ছন্নছাড়া বোলিং করে ৮৩ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন তিনি। তবে এক ম্যাচ বিরতির পর আবার সুযোগ পেলেন রুবেল।








