জয় দিয়ে বিশ্বকাপ শেষ করতে শ্রীলঙ্কা ২৬৫ রানের লক্ষ্য দিয়েছে ভারতকে। শুরুতে তারা ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হলেও অ্যাঞ্জেলো ম্যাথুজের সেঞ্চুরিতে ৭ উইকেটে ২৬৪ রানের সম্মানজনক স্কোর করে।
সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে শীর্ষে ওঠার লড়াই তাদের। অবশ্য জিতলে ঘণ্টাখানেকের জন্য এক নম্বর আসনটি দখল করবে। তবে শীর্ষস্থান পাকা করতে চাইলে দক্ষিণ আফ্রিকার কাছে অস্ট্রেলিয়ার হারের প্রার্থনা করতে হবে বিরাট কোহলির দলকে।
শনিবার হেডিংলিতে টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। চতুর্থ ওভারে জসপ্রিৎ বুমরাহর কাছে ১০ রান করে উইকেট হারান অধিনায়ক দিমুথ করুণারত্নে। এরপর শুরু হয় ধস, যা থামে ম্যাথুজের সঙ্গে লাহিরু থিরিমানের জুটিতে।
মাত্র ৫৫ রানের মধ্যে শ্রীলঙ্কার প্রথম ৪ ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে যান। কুশল পেরেরা (১৮) ও কুশল মেন্ডিসের পর (৩) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ জয়ী সেঞ্চুরি করা অভিষ্কা ফার্নান্ডো (২০) বিদায় নেন। তারা সবাই পেছনে মহেন্দ্র সিং ধোনির ক্যাচ হন।
ম্যাথুজ ও থিরিমানের একশ ছাড়ানো জুটিতে এই বিপদ কাটিয়ে ওঠে লঙ্কানরা। থিরিমানেকে ৫৩ রানে আউট করে ১২৪ রানের এই শক্ত জুটি বিচ্ছিন্ন করেন কুলদীপ যাদব। ম্যাথুজের ব্যাটে এই আসরে দ্বিতীয় সেঞ্চুরিয়ানকে খুঁজে পায় শ্রীলঙ্কা। ১১৫ বলে সেঞ্চুরি করেন সাবেক অধিনায়ক। ইনিংস শেষের আগের ওভারে ১১৩ রানে তাকে থামান বুমরাহ। ম্যাথুজের ১২৮ বলের ইনিংসে ছিল ১০ চার ও ২ ছয়। ২৯ রানে অপরাজিত ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গে তার জুটিটি ছিল ৭৪ রানের।
বুমরাহ ভারতের পক্ষে সবচেয়ে সফল বোলার। অন্য সবার চেয়ে বেশি ৭৩ রান দিলেও সর্বোচ্চ ৩ উইকেট নেন এই পেসার। একটি করে পান কুলদীপ, ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা।








