বিশ্বকাপে মাশরাফি মুর্তজার পারফরম্যান্স হয়েছে সমালোচিত। টুর্নামেন্ট চলাকালে তার অবসরের গুঞ্জনও উঠেছিল। কিন্তু শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা বাংলাদেশ অধিনায়ককে আরও কয়েক বছর মাঠে দেখতে চান।
মালিঙ্গার মতে, বাংলাদেশের জন্য ‘সবসময় বিশেষ’ একজন মাশরাফি। তার হার না মানার মানসিকতায় মুগ্ধ এই লঙ্কান তারকা। এই মুহূর্তে মাশরাফির মাথায় অবসরের চিন্তা আসা উচিত নয় বললেন তিনি।
বুধবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মালিঙ্গা বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কীভাবে ভালো করতে হয় সেটা আপনাকে বুঝতে হবে। বাংলাদেশের ক্রিকেটের জন্য সে অনেক কিছু করেছে। আমি মনে করি আরও এক বা দেড় বছর সে বাংলাদেশের জন্য খেলতে পারে। বাংলাদেশের ক্রিকেটের জন্য সে বিশেষ কিছু করেছে।’
মাশরাফির অবসরের গুঞ্জনের পালে বড় হাওয়া লাগে বিশ্বকাপের পারফরম্যান্সের কারণে। ৮ ম্যাচে মাত্র ১ উইকেট নেন তিনি। তারপরও শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল তার। কিন্তু শেষ মুহূর্তের ইনজুরিতে সরে দাঁড়ান এই সফর থেকে। অবশ্য অবসরের গুঞ্জন নিয়ে নিজে কিছু বলেননি মাশরাফি। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলে বিদায় নিতে যাওয়া মালিঙ্গার পরামর্শ কি গ্রহণ করবেন তিনি? বাসস








