ইংল্যান্ডের পেস আক্রমণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে এজবাস্টন টেস্টে জেমস অ্যান্ডারসনের চোটে। এবার আরও বড় ধাক্কা! সাইড স্ট্রেইনের চোটে মাঠে নামার আগেই অ্যাশেজ শেষ হয়ে গেছে মার্ক উডের। চলতি ইংল্যান্ডের ঘরোয়া মৌসুমে আর খেলা হচ্ছে না বিশ্বকাপ জয়ী এই পেসারের।
বিশ্বকাপেই চোট পেয়েছিলেন ২৯ বছর বয়সী উড। তবে ইংল্যান্ডের আশা ছিল চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ ও পঞ্চম টেস্টে পাওয়া যাবে তাকে। কিন্তু সাইড স্ট্রেইনের সঙ্গে হাঁটুর চোটে পুরো ইংলিশ মৌসুমই শেষ করে দিলো এই পেসারের। এখন ছুরি-কাঁচির নিচে যেতে হবে তাকে।
শুক্রবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এক বিবৃতিতে, ‘এই ইনজুরির ফলে এবারের মৌসুমে আরও কোনও ক্রিকেট খেলতে পারবেন না মার্কা উড।’
ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপ জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল উডের। ঘরের মাঠের আসরে তার শিকার ১৮ উইকেট। বিশ্বকাপের সাফল্য ও ফর্ম ধরে রেখে টেস্ট ক্রিকেটে ফেরার পরিকল্পনার ছিল উডের। কিন্তু চোট মর্যাদার সিরিজ অ্যাশেজের সঙ্গে মৌসুমই শেষ করে দিলো এই পেসারের।
এখন পেস বিভাগ নিয়ে আরও জটিল সমস্যার মধ্যে পড়তে হলো ইংল্যান্ডকে। ইতিমধ্যে অ্যান্ডারসন ও জোফরা আর্চারকে নিয়ে তৈরি হয়েছে সংশয়। টি-টোয়েন্টি ব্লাস্ট খেলার সময় চোট পাওয়া আর্চার এজবাস্টনে না খেললেও একাদশে আছেন অ্যান্ডারসন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে মাত্র ৪ ওভার বল করে মাঠ ছাড়তে হয়েছে তাকে ডান কাফের সমস্যায়। দ্বিতীয় ইনিংসে অ্যান্ডারসন বল করতে পারবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। বিবিসি, ডেইলি মেইল








