বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ মাথায় রেখে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে একটি ট্রেনিং ক্যাম্প শুরু করতে যাচ্ছে পাকিস্তান। ১৭ দিনের এই ক্যাম্পে ২০ জন পাকিস্তানি ক্রিকেটারদের প্রশিক্ষণে নেতৃত্ব দেবেন সাবেক অধিনায়ক মিসবাহ উল হক।
প্রাক মৌসুমের এই ক্যাম্পে ডাক পাওয়া ২০ ক্রিকেটারের মধ্যে ১৪ জন কেন্দ্রীয় চুক্তিবদ্ধ। ২২ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বরের এই কন্ডিশনিং ক্যাম্প শুরু হওয়ার আগে দুই দিন হবে ফিটনেস পরীক্ষা। ‘ক্যাম্প কমান্ড্যান্ট’ হিসেবে মিসবাহ এই ট্রেনিং কর্মসূচির দেখভাল করবেন বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
এই প্রাক মৌসুম ক্যাম্পে খেলোয়াড়রা ফিল্ডিং ড্রিলস ও নেট সেশনের পাশাপাশি ফিটনেস নিয়েও কাজ করবে। পিসিবি জানায়, ‘প্রতিদ্বন্দ্বিতামূলক ও চ্যালেঞ্জিং ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মৌসুমের জন্য খেলোয়াড়দের প্রস্তুত করতে এই ক্যাম্প গড়া হচ্ছে।’
কোচ মিকি আর্থার ও তার সাপোর্ট স্টাফদের ছাঁটাইয়ের পর মিসবাহর হাতে এই ট্রেনিং ক্যাম্পের দায়িত্ব দেওয়ায় গুঞ্জন উঠেছে, প্রধান কোচ হতে যাচ্ছেন সাবেক এই অধিনায়ক। কিন্তু এখন পর্যন্ত কোচিং নিয়ে কোনও প্রাতিষ্ঠানিক জ্ঞাণ বা প্রয়োজনীয় অভিজ্ঞতা হয়নি তার। তারপরও ৪০ পেরিয়েও টেস্টে মিসবাহ যে ফিটনেস দেখিয়েছিলেন, সেটাই এগিয়ে রেখেছে তাকে।
ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটার
কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়: আবিদ আলী, আসাদ শফিক, আজহার আলী, হারিস সোহেল, হাসান আলী, ইমাম উল হক, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, উসমান শিনওয়ারি, ওয়াহাব রিয়াজ ও ইয়াসির শাহ।
কেন্দ্রীয় চুক্তির বাইরের খেলোয়াড়: আসিফ আলী, বিলাল আসিফ, ইফতিখার আহমেদ, মীর হামাজ, রাহাত আলী ও জাফর গোহর। ক্রিকইনফো








