পাঁচ দিনে একটা দৃশ্যটা বদলায়নি। কলম্বো টেস্টের সব দিনই বৃষ্টি হয়েছে! ধরেই নেওয়া হয়েছিল শ্রীলঙ্কার মাটিতে টানা ২৫ টেস্টে ফল হওয়ার পর প্রথমবার ড্রয়ের মুখ দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। কিন্তু না, বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে নিউজিল্যান্ড ইনিংস ও ৬৫ রানে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। তাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬০ পয়েন্ট তুলে নেওয়ার সঙ্গে কিউইরা দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ করেছে ১-১ সমতায়।
প্রথম ইনিংসে ধনাঞ্জয়া ডি সিলভার কার্যকরী সেঞ্চুরিতে (১০৯) লঙ্কানরা অলআউট হয় ২৪৪ রানে। তাদের সংগ্রহকে টপকে টম ল্যাথাম (১৫৪) ও বিজে ওয়াটলিংয়ের (১০৫) শতকে কিউইরা লিড নেয় ৬ উইকেটে ৪৩১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। শ্রীলঙ্কা দুই ইনিংস মিলিয়েও এই স্কোর টপকাতে পারেনি। দ্বিতীয় ইনিংসে ১২২ রানে অলআউট হয়ে স্বাগতিকরা ম্যাচ হেরেছে ইনিংস ব্যবধানে।
পঞ্চম ও শেষ দিনে ওয়াটলিংয়ের সেঞ্চুরির পর ইনিংস ঘোষণা করেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যান কিছুই করতে পারেননি। লাহিরু থিরিমানে (০), কুশল পেরেরা (০), অ্যাঞ্জেলো ম্যাথুজ (৭), ধনাঞ্জয়া ডি সিলভা (১) ও কুশল মেন্ডিস (২০) প্যাভিলিয়নে ফিরলে মাত্র ৩২ রানে স্বাগতিকরা হারায় ৫ উইকেট।
কঠিন ওই পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা চালিয়েছেন নিরোশান ডিকবেলা ও অধিনায়ক দিমুথ করুণারত্নে। কিন্তু টিম সাউদির বলে করুণারত্নের প্রতিরোধ ভাঙলে পরিস্থিতি আবার কঠিন হয়ে ওঠে। ২১ রান করে বিদায় নেন লঙ্কান অধিনায়ক। এর পরপরই দিলরুয়ান পেরেরা রানের খাতা খোলার আগে সাউদির দ্বিতীয় শিকারে পরিণত হলে জয় দেখতে থাকে সফরকারীরা।
শেষ সেশনে ম্যাচ ড্র করতে শ্রীলঙ্কার ৩৬ ওভার ব্যাটিং করার প্রয়োজন ছিল, হাতে ছিল ৩ উইকেট। একই সঙ্গে স্কোরে আরও ৯৯ রান যোগ করলে নিউজিল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে পাঠানোর সুযোগও ছিল। ডিকবেলা একপ্রান্ত আগলে রেখে চেষ্টা চালালেও পারেননি। তার ১৬১ বলে ৫১ রানের লড়াকু ইনিংসটি শেষ হয় এজাজ প্যাটেলের বলে। এরপর ট্রেন্ট বোল্ট শেষ ব্যাটসম্যান হিসেবে লাহিরু কুমারাকে (০) কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ বানিয়ে নিউজল্যান্ডকে এনে দেন দুর্দান্ত এক জয়।
যে জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কিউই বোলাররা। সাউদি (২/১৫) ও বোল্ট (২/১৭) দুজনই ২৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন কলম্বো টেস্ট দিয়ে। এজাজ প্যাটেল ও উইলিয়াম সমারভিলের শিকারও দুটি করে উইকেট। তবে ম্যাচসেরার পুরস্কার উঠেছে সেঞ্চুরিয়ান ল্যাথামের হাতে। ক্রিকইনফো
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২৪৪ ও দ্বিতীয় ইনিংসে ৭০.২ ওভারে ১২২ (ডিকবেলা ৫১, করুণারত্নে ২১, কুশল মেন্ডিস ২০, লাকমাল ১৪; সাউদি ২/১৫, বোল্ট ২/১৭)।
নিউজিল্যান্ড: প্রথম ইনিংসে ১১৫ ওভারে ৪৩১/৬ (ডিক্লে.) (ল্যাথাম ১৫৪, ওয়াটলিং ১০৫*, ডি গ্র্যান্ডহোম ৮৩; দিলরুয়ান ৩/১১৪, এম্বুলদেনিয়া ২/১৫৬)।
ফল: নিউজিল্যান্ড ইনিংস ও ৬৫ রানে জয়ী।
সিরিজ: দুই ম্যাচের সিরিজ ১-১ সমতা।
ম্যাচসেরা: টম ল্যাথাম।








