চট্টগ্রাম টেস্টের দলে মোস্তাফিজুর রহমানের নাম না দেখে অনেকেই অবাক। হঠাৎ পিঠের ইনজুরিতে পড়া কাটার-মাস্টারকে ছাড়াই আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দলের অন্যতম স্ট্রাইক বোলারকে না পেয়ে ভীষণ হতাশ পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গেভেল্ট।
শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘মোস্তাফিজ খুব ভালো বোলার। কেউই তাকে মিস করতে চাইবে না। কিন্তু আমাদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। তার ইনজুরি গুরুতর নয়, তবে টেস্টে খেললে ইনজুরিটা খারাপের দিকে মোড় নিতে পারে।’
পিঠের ব্যথা নিয়েই জাতীয় দলের প্রস্তুতি ম্যাচে এক ওভার বল করে একটি উইকেট নিয়েছেন মোস্তাফিজ। তবে এরপর তার হাতে আর বল দেওয়া হয়নি। ল্যাঙ্গেভেল্ট জানিয়েছেন, ‘চট্টগ্রাম টেস্টের পরই আফগানিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। সামনে আমাদের অনেক সীমিত ওভারের ম্যাচ খেলতে হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপও এগিয়ে আসছে। তাই ঝুঁকি না নিয়ে চট্টগ্রাম টেস্টে মোস্তাফিজকে বিশ্রাম দেওয়া হয়েছে। কারণ সীমিত ওভারের ক্রিকেটে সে আমাদের সেরা বোলার।’
প্রস্তুতি ম্যাচে টেস্ট দলে সুযোগ পাওয়া তিন পেসার তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেনের পারফরম্যান্সে তিনি দারুণ খুশি, ‘তারা সত্যিই খুব ভালো বল করেছে। আমার প্রত্যাশা মতো অফস্টাম্পের বাইরে কম বল করেছে, আর দুই প্রান্ত থেকেই চাপ প্রয়োগ করেছে ব্যাটসম্যানদের ওপরে। তিনজনই আমাকে মুগ্ধ করেছে।’
অনেকদিন পর দলে ফেরা তাসকিনকে নিয়ে আশাবাদী নতুন পেস বোলিং কোচ, ‘ইনজুরি থেকে ফেরা তাসকিন প্রস্তুতি ম্যাচের শুরুর দিকে ভালো বল করেছে। দ্বিতীয় নতুন বলে অবশ্য তাকে কিছুটা সংগ্রাম করতে হয়েছে। আশা করি, সে আরও উন্নতি করতে পারবে।’








