চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শুরু করেছে বাংলাদেশ ও আফগানিস্তান। ১০৬ ওভারে ৭ উইকেট ২৯৯ রান আফগানিস্তানের। ক্রিজে আছেন রশিদ খান ও কায়েস আহমেদ।
আগের দিন হতাশায় কাটলেও তাইজুল ইসলাম ছিলেন আশাবাদী। শুক্রবার প্রথম সেশনে আফগানদের গুটিয়ে দেওয়ার লক্ষ্য ছিল তার। শুরুতে দুটি উইকেট নিয়ে লক্ষ্য পূরণের দিকে এগিয়ে চলেছেন এই স্পিনার।
নতুন দিন শুরু করা আসগর আফগান ও আফসার জাজাইকে ফেরালেন তাইজুল। আসগরকে সেঞ্চুরি বঞ্চিত করার পর আফসারকে ৪১ রানে বোল্ড করে নিজের চতুর্থ উইকেট পেয়েছেন তিনি।
আসগরকে সেঞ্চুরি করতে দিলেন না তাইজুল
প্রথম দিন কেটেছে হতাশায়। নতুন দিনে ভালো কিছুর প্রত্যাশা নিয়ে সকাল শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতেই তাইজুল পান আসগর আফগানের গুরুত্বপূর্ণ উইকেট। ৫ উইকেটে ২৭১ রানে শুক্রবার খেলা শুরু করে আফগানিস্তান।
আগের দিন তাইজুলের ঘূর্ণিতে বাংলাদেশ দারুণ শুরু করলেও আফগানিস্তান ম্যাচের নিয়ন্ত্রণ নেয় শেষ দুই সেশনে। রহমত শাহের সেঞ্চুরি ও আসগরের হাফসেঞ্চুরিতে বাংলাদেশের উচ্ছ্বাস কেড়ে নেয় তারা। ৮৮ রানে আসগর ও ৩৫ রানে আফসার শুক্রবারের খেলা শুরু করেন।
রহমতের পর দ্বিতীয় আফগান হিসেবে সেঞ্চুরির পথে ছিলেন আসগর। কিন্তু তাইজুলের দ্বিতীয় ওভারে স্লগ করতে গিয়ে পেছনে মুশফিকুর রহিমের ক্যাচ হন এই ডানহাতি ব্যাটসম্যান। ১৭৪ বলে ৩ চার ও ২ ছয়ে ৯২ রানে আউট হন আসগর।








