বৃষ্টির কারণে বাংলাদেশ-আফগানিস্তানের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালের টস নির্ধারিত সময়ে হয়নি।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় টস হওয়ার কথা ছিল। কিন্তু বিকেল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলতে থাকায় মিরপুরের ম্যাচটি দেরিতে শুরু হওয়ার শঙ্কা জাগিয়েছে।
প্রথমবারের মতো টি-টোয়েন্টি শিরোপা জয়ের হাতছানি সাকিব আল হাসানদের সামনে। ২০০৭ সালে প্রথমবারের মতো কুড়ি ওভারের ক্রিকেটর কোনও টুর্নামেন্টে অংশ নিয়েছিল বাংলাদেশ। এরপর আরও ৮টি টুর্নামেন্ট খেলেছে এই ফরম্যাটে। সবমিলিয়ে দুইবার ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়নি। আরও একবার সুযোগ সাকিব-মুশফিকদের সামনে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও গাজী টেলিভিশন।
আফগানিস্তানের চেয়ে কিছুটা এগিয়ে থেকেই ফাইনালে খেলতে নামছে স্বাগতিকরা! লিগ পর্বে টানা দুই ম্যাচ হেরে কিছুটা কোণঠাসা আফগানিস্তান। অন্যদিকে চট্টগ্রামে আফগান জুজু কাটানোর পাশাপাশি অপরাজিত ছিল সাকিবরা। ওই জয়ে লিগ পর্বের সেরা দল হয়ে তারা ফাইনাল নিশ্চিত করেছে।
লিগ পর্বের চার ম্যাচের তিনটিতে বাংলাদেশে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনাল খেলছে। ফলে মানসিকভাবে কিছুটা হলেও তারা এগিয়ে। চট্টগ্রামের জয়ের ধারা ঢাকাতেও অব্যাহত রাখতে পারলে প্রথমবারের মতো টি-টোয়েন্টি শিরোপা জেতা হবে বাংলাদেশের।








