দেশ থেকে উড়ে গিয়ে বিশ্রামের খুব একটা সুযোগ পাননি লিটন দাস। এরপরও শনিবার জ্যামাইকা তালাওয়াসের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নেমে পড়েন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। যদিও সিপিএলের অভিষেকটা ভালো হলো না লিটনের। তার দল জ্যামাইকার ৪ উইকেটে হেরেছে সেন্ট লুসিয়া জুকসের বিপক্ষে।
ব্যাট হাতে দারুণ শুরু করলেও বেশিদূর যেতে পারেননি লিটন। চার নম্বরে নেমে ২১ বলে করেন ২১ রান। যদিও বাউন্ডারির চেয়ে সিঙ্গেলসের ওপর জোর দিয়েছিলেন তিনি। তাই ইনিংসে রয়েছে মাত্র একটি চারের মার।
টপ অর্ডারে রান পেলেও মিডল অর্ডার সুবিধা করতে না পারায় টস হেরে ব্যাটিংয়ে নামা জ্যামাইকা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে করে ১৬৫ রান। লক্ষ্যটা ৬ উইকেট হারিয়ে ৫ বল আগেই টপকে যায় সেন্ট লুসিয়া।
জ্যামাইকার দুই ওপেনার ক্রিস গেইল ও গ্লেন ফিলিপস উদ্বোধনী জুটিতে যোগ করেন ৪৮ রান। গেইল ৩০ বলে করেন ২৯ রান, আর ফিলিপস ১১ বলে করেন ২৩ রান। ওয়ান ডাউনে নামা ডোয়াইন স্মিথ ৩৮ বলে ৬ বাউন্ডারি ও ৩ ছক্কায় খেলেন দলীয় সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস। এরপর লিটনের ব্যাট থেকে আসে ২১ রান।
ওপেনার রাকিম কর্নওয়ালের ঝড়ে জয়ের ভিত পায় সেন্ট লুসিয়া। ২৫ বলে ৪ বাউন্ডারি ও ৫ ছক্কায় তিনি খেলেন ৫১ রানের ঝড়ো ইনিংস। এরপর হার্ডাস বিলজয়েন ২৪ বলে করেন ৩২ রান। ক্রিকইনফো








