দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। দলীয় এই সাফল্যে ব্যক্তিগত অর্জনে বড় প্রাপ্তি যোগ হয়েছে মোহাম্মদ আমিরের। আইসিসির ওয়ানডে বোলিং র্যাংকিংয়ে ক্যারিয়ারের সেরা অবস্থানে এখন বাঁহাতি পেসার।
বৃহস্পতিবার ওয়ানডের নতুন র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে ওয়ানডে ফরম্যাটের বোলিং র্যাংকিংয়ের সপ্তম স্থানে উঠে এসেছেন আমির। ৫০ ওভারের ক্রিকেটে এটাই তার সর্বোচ্চ র্যাংকিং, আগের সেরা ছিল দশম স্থান। গত জুনের প্রাপ্তিকে ছাড়িয়ে গেছেন এই পেসার শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের সিরিজ জয়ের পর। ছয় ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন আমির।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ পাকিস্তান জিতেছে ২-০ ব্যবধানে। প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। এই সিরিজে আমিরের শিকার ৪ উইকেট, যার মধ্যে শেষ ম্যাচে ৫০ রান খরচায় আছে ৩ উইকেট। লঙ্কানদের বিপক্ষে এই পারফরম্যান্স ক্যারিয়ারসেরা র্যাংকিংয়ে বসিয়েছে আমিরকে।
তার ওপেনিং বোলিং সঙ্গী উসমান শিনওয়ারিও বড় লাফ দিয়েছেন র্যাংকিংয়ে। ২৮ ধাপ এগিয়ে ৪৩ নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেট পাওয়া এই বাঁহাতি পেসার। করাচির দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেট তুলে নিয়ে উসমান হয়েছিলেন ম্যাচসেরা। বোলিং র্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় পেসার জসপ্রিৎ বুমরাহ।
ব্যাটিং র্যাংকিংয়েও উন্নতি হয়েছে পাকিস্তানিদের। ফখর জামান ২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৬তম স্থানে। হারিস সোহেল তিন ধাপ এগিয়ে এখন ৩২ নম্বরে। অন্যদিকে শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করা শ্রীলঙ্কান ব্যাটসম্যান দানুস্কা গুনাথিলাকা ক্যারিয়ারসেরা র্যাংকিংয়ে রয়েছেন ৭০তম স্থানে।
ব্যাটিং র্যাংকিংয়ের সেরা দশে কোনও পরিবর্তন নেই। শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। অন্যদিকে ওয়ানডের অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। আইসিসি ওয়েবসাইট








