বিশ্বকাপ তেমন ভালো কাটেনি, শ্রীলঙ্কা সফর ছিল ব্যর্থতায় ভরা। হতাশা ভুলতে ক্রিকেট থেকে কয়েক দিন ছুটি নিয়েছিলেন তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট আর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে না খেলে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করেছেন তিনি। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগে ভালো খেলতে দৃঢ় প্রতিজ্ঞ তামিম। তার দল চট্টগ্রামের কোচ আফতাব আহমেদের বিশ্বাস, এই প্রতিযোগিতা দিয়েই নিজেকে ফিরে পাবেন দেশসেরা ওপেনার।
জিম আর সুষম ডায়েটে ওজন অনেকটাই কমিয়ে ফেলা তামিম ২০১৫ সালে সর্বশেষ জাতীয় লিগে খেলেছিলেন। তিন মৌসুম পর দেশের সেরা প্রথম শ্রেণির টুর্নামেন্টে ফেরা এই ওপেনারকে নিয়ে দারুণ আশাবাদী আফতাব, ‘জাতীয় লিগ শুরুর আগে ট্রেনার-ফিজিওদের নিয়ে আলাদাভাবে কাজ করেছে তামিম। যেভাবে প্রস্তুতি নিয়েছে, তাতে মনে হচ্ছে সে খুব ভালোভাবে ফিরে আসবে। আমার ধারণা, তামিমের ফর্মে ফেরা শুধু সময়ের ব্যাপার।’
তামিম-আফতাব দুজনই চট্টগ্রামের মানুষ। ‘ঘরের ছেলে’কে ফিরে পেয়ে চট্টগ্রাম শিবিরে উচ্ছ্বাস। আফতাব জানালেন, ‘অনেকদিন পর তামিম চট্টগ্রামের হয়ে খেলছে। আমরা তাকে পেয়ে ভীষণ রোমাঞ্চিত।’
শুধু কোচ নয়, তামিমকে পেয়ে চট্টগ্রামের অধিনায়ক মুমিনুল হকও উচ্ছ্বসিত, ‘আমরা জানি, যেদিন তামিম ভাই খেলবেন, সেদিন আর কারও ভালো খেলার দরকার নেই। তাই তার কাছে আমাদের আলাদা কোনও প্রত্যাশা নেই। তিনি নিজেই জানেন, তাকে কী করতে হবে।’








