কাঁধের চোটে ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশভ মহারাজ। রবিবার দেশটির ক্রিকেট বোর্ড এই খবর নিশ্চিত করেছে। মহারাজের স্থলাভিষিক্ত হয়েছেন নবাগত বাঁহাতি স্পিনার জর্জ লিন্ডে।
পুনে টেস্টের দ্বিতীয় দিন ফিল্ডিংয়ের সময় ডান কাঁধে চোট পান মহারাজ। এরপরও দুই ইনিংসে ব্যাট করেছেন তিনি। প্রথম ইনিংসে ভারনন ফিল্যান্ডারের সঙ্গে তিনি গড়েন ১০৯ রানের দারুণ জুটি।
চতুর্থ দিনের খেলা শুরুর আগে করা এমআরআই রিপোর্টে দেখা গেছে, শনিবার শুরু হতে যাওয়া রাঁচি টেস্টের আগে ফিট হতে পারবেন না মহারাজ। দক্ষিণ আফ্রিকা টিম চিকিৎসক রামজি হাশেন্দ্র এক বিবৃতিতে এই তথ্য জানান।
তৃতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকা খেলবে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে। দ্বিতীয় টেস্টে তারা ইনিংস ও ১৩৭ রানে হেরেছে ভারতের কাছে।








