শুরু হয়ে গেছে বাংলাদেশের ভারত সফরের প্রস্তুতি। রবিবার মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে দুই দলে ভাগ একটি ২০ ওভারের ম্যাচ খেলেছেন ক্রিকেটাররা। যেখানে ইমরুল কায়েস ও নাঈম শেখদের নিয়ে গড়া সবুজ দলের কাছে ৫০ রানে হেরেছে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর লাল দল।
জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের খেলা থেকে ৯ ক্রিকেটারকে এই প্রস্তুতি ক্যাম্পে ডাকা হয়। ভারত সফরে টি-টোয়েন্টি দলে থাকা খেলোয়াড়দের সঙ্গে তারা যোগ দেয় এই ঘাম ঝরানো ম্যাচে। সবুজ দল আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪৩ রান করে। জবাবে ১৭.৪ ওভারে ৯৩ রানে গুটিয়ে যায় লাল দল।
সবুজ দলের পক্ষে ইয়াসির আলী রাব্বি ইনিংস সেরা ৩৯ রান করেন। তামিম ইকবাল সরে দাঁড়ানোয় টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া ইমরুল কায়েস করেন ৩২ রান। ওপেনার নাঈমের ব্যাটে আসে ২৯ রান। নাজমুল হোসেন শান্ত (২), মোহাম্মদ মিঠুন (২), সাব্বির রহমান (৪), মেহেদী হাসান মিরাজ (২) ব্যাট হাতে সুবিধা করতে পারেননি।
ভারত সফরের দলে থাকা লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ভালো প্রস্তুতির ইঙ্গিত দিলেন। এছাড়া আবু হায়দার রনিও সমান উইকেট নিয়ে লাল দলের যৌথ সেরা বোলার। শফিউল ইসলাম ও নাঈম হাসান নেন একটি করে উইকেট। মোস্তাফিজুর রহমানের প্রস্তুতি ভালো হয়নি, ৪ ওভারে সবচেয়ে বেশি ৫৫ রান দিয়েছেন তিনি, উইকেট নেই একটিও।
লাল দলেই ছিল ভারত সফর নিশ্চিত করা বেশির ভাগ ক্রিকেটাররা। ব্যাট হাতে কেবল লিটন দাস জ্বলে ওঠেন। তিনি করেন ৩৫ বলে ৩৬ রান। সৌম্য সরকার ফিরে গেছেন রানের খাতা না খুলে। এছাড়া আফিফ হোসেন (৮), মুশফিকুর রহিম (৪), মাহমুদউল্লাহ (৭), মোসাদ্দেক হোসেন (১) ছিলেন ব্যর্থ।
আরাফাত সানির প্রস্তুতি দারুণ হয়েছে বল হাতে, নেন ৩ উইকেট। আরেক স্পিনার তাইজুল ইসলাম দুটি উইকেট শিকার করেন। আল আমিন হোসেন, মিরাজ ও রিশাদ পান একটি করে উইকেট।
এই ম্যাচে লাল দলের হয়ে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু টি-টোয়েন্টি অধিনায়ক কোচের কাছ থেকে ছুটি নেন। সোমবার হতে যাওয়া দ্বিতীয় ম্যাচেও খেলবেন না এই বাঁহাতি অলরাউন্ডার। দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বাংলা ট্রিবিউনকে এই খবর নিশ্চিত করেছেন।
সবুজ দল: নাজমুল হোসেন শান্ত, নাঈম শেখ, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, আরাফাত সানি, আল আমিন হোসেন।
লাল দল: লিটন দাস, সৌম্য সরকার, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, আবু হায়দার রনি, নাঈম হাসান, শফিউলি ইসলাম, মোস্তাফিজুর রহমান।








