শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়া অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। মানসিক অসুস্থতায় ‘কিছুদিনের জন্য’ ক্রিকেট থেকে ছুটি নিলেন তিনি।
শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে ম্যাক্সওয়েলের জায়গা পূরণ করবেন ডি’আর্চি শর্ট।
অস্ট্রেলিয়ান টিমের মনোবিদ মাইকেল লয়েড জানান, দলের সাপোর্ট স্টাফদের সঙ্গে কথা বলে কিছুদিন ক্রিকেটের বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাক্সওয়েল। ক্রিকেট অস্ট্রেলিয়াও তার এই সিদ্ধান্ত মেনে নিয়েছে।
মানসিক অসুস্থতার কোনও প্রভাব দেখা যায়নি ম্যাক্সওয়েলের সবশেষ দুই ম্যাচের পারফরম্যান্সে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ২৮ বলে করেন ৬২ রান, দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের জয়ে ব্যাট করতে হয়নি তাকে। বুধবারের ওই ম্যাচ শেষে নিজের সমস্যার কথা সাপোর্ট স্টাফদের খুলে বলেন ৩১ বছর বয়সী অলরাউন্ডার।
ক্রিকেট অস্ট্রেলিয়ার পূর্ণ সমর্থনে এই ছুটি পেয়েছেন ম্যাক্সওয়েল। দলের ম্যানেজার বেন অলিভার জানান, ‘খেলোয়াড় ও স্টাফদের সুস্থ থাকা আমাদের কাছে সবার আগে। গ্লেনের পুনর্বাসনে আমরা ক্রিকেট ভিক্টোরিয়ার সঙ্গে সমন্বিত হয়ে কাজ করবো। প্রত্যেককে অনুরোধ করছি, গ্লেন এবং তার পরিবার ও বন্ধুদের যেন । এই মুহূর্তে তাদের একান্ত সময় কাটানোর সুযোগ দিতে হবে। সে আমাদের একজন বিশেষ খেলোয়াড় এবং খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আশা করি এই গ্রীষ্মেই সে ফিরবে এবং হাসিখুশি হয়ে।’








