দিল্লির আবহাওয়ার উন্নতির চেয়ে আরও অবনতি হচ্ছে। বায়ু দূষণে জনজীবন হুমকির মুখে পড়লেও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দিল্লি থেকে ম্যাচ সরাতে রাজি নয়। এই অবস্থার মধ্যেও অনুশীলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দল।
টানা তৃতীয় দিনের মতো ‘মাস্ক’ পরে অনুশীলন করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আজ (শনিবার) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সৌম্য সরকার, লিটন দাস, আল-আমিনদের মুখ ঢাকা ছিল ‘পলিউশন মাস্ক’ দিয়ে। এই অবস্থায় ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে বাংলাদেশ কতটা প্রস্তুতি নিতে পারছে, সেটা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
দিওয়ালির পর দিল্লির পরিবেশ থাকে সবচেয়ে খারাপ অবস্থায়। গত কয়েক বছরের তুলনায় এবারের পরিস্থিতি আরও খারাপ মনে করছেন আবহাওয়াবিদরা। ইতিমধ্যে দূষণের মাত্রা ‘গুরুতর’ অবস্থায় পৌঁছে গেছে বলে জানানো হয়েছে। এর মধ্যেও আগামীকাল (রবিবার) দিল্লিতেই প্রথম টি-টোয়েন্টি আয়োজনের সিদ্ধান্তে অটল বিসিসিআই।
ম্যাচ না সরানো নিয়ে অবশ্য কোনও অভিযোগ নেই বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর। শুক্রবার সংবাদ মাধ্যমকে এই দক্ষিণ আফ্রিকান বলেছেন, ‘খুব বেশি বলব না, তবে চারদিকের ধোঁয়া মোটেও ভালো নয়। যদিও এটা দুই দলের ক্ষেত্রে একই হবে। এ ব্যাপারে আমাদের কোনও অভিযোগ নেই, এর মধ্যেই আমাদের খেলতে হবে এবং সেরাটা দিতে হবে।’
২০১৭ সালে ভারত-শ্রীলঙ্কা টেস্টে খেলা বন্ধ রাখার ঘটনাও আছে দিল্লিতে। সেবার শ্রীলঙ্কার খেলোয়াড়রা বেশ সংগ্রাম করেছিলেন দিল্লির বায়ু দূষণে। বিষয়টি জানা আছে ডোমিঙ্গোর, ‘আমরা জানি আগেরবার শ্রীলঙ্কা ভুগেছিল। বাংলাদেশেও খানিকটা দূষণ আছে, তাই এটা খুব বড় ধাক্কা বলব না। খেলোয়াড়রা সত্যিই দারুণভাবে মানিয়ে নিয়েছে। আমরা আমাদের কাজটা ঠিকমতো করতে চাই।’ ইন্ডিয়া টুডে








