সাকিব-তামিমকে ছাড়াই ভারতকে হারিয়েছে বাংলাদেশ। আর তাতেই ভারতীয় মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতের সব পত্রিকাতেই স্থান পেয়েছে বাংলাদেশের জয়ের খবর। একই সঙ্গে প্রায় সব পত্রিকাই আলাদা করে প্রশংসার জোয়ারে ভাসিয়েছে মুশফিককে।
ভারতের জনপ্রিয় পত্রিকা ‘টাইমস অব ইন্ডিয়া’ মুশফিকের হার না মানা ৬০ রানের ইনিংসকে সামনে এনেছে। পত্রিকাটির শিরোনাম এমন, ‘ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয় এনে দিলেন মুশফিকুর রহিম’।
কলকাতার বিখ্যাত পত্রিকা ‘আনন্দবাজার’-এ ম্যাচ নিয়ে ছাপা হয়েছে কয়েকটি খবর। ম্যাচ নিয়ে তারা লিখেছে, ‘ভাঙাচোরা দল নিয়েও এই প্রথম ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে জিতলো বাংলাদেশ’। তাদের আরেকটি প্রতিবেদনের শিরোনাম, ‘মুশফিকুরের ব্যাট না বিপ্লবের বোলিং, ঠিক কোন জায়গায় ভারতকে টেক্কা দিল বাংলাদেশ।’
‘মুম্বাই মিরর’ তাদের প্রথম পাতায় শিরোনাম করেছে, ‘আলোকিত বাংলায় কেটে গেল ধোঁয়াশা’। খেলার পাতায় আরও একটি খবরের শিরোনাম এমন, ‘মুশফিকুর রহিমের আলো ছড়ানো ব্যাটিংয়ে ভারতকে ৭ উইকেটে হারালো বাংলাদেশ।’
আরেক সংবাদমাধ্যম ‘এনডিটিভি’ মুশফিক ও মাহমুদউল্লাহর জয়ের মুহূর্তের ছবি দিয়ে শিরোনাম করেছে, ‘ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়ে নায়ক মুশফিকুর রহিম।’
‘দ্য হিন্দু’ পত্রিকাতেও প্রায় একই শিরোনাম, ‘টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়ে তারকা মুশফিকুর রহিম।’
হিন্দুস্থান টাইমস লিখেছে, ‘ভারত বনাম বাংলাদেশ: দিল্লিতে টি-টোয়েন্টিতে সফরকারীদের ঐতিহাসিক জয় এনে দিলেন মুশফিকুর রহিম।’








