বাংলাদেশের ক্রিকেট ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে সব ধরনের ক্রিকেট থেকে ৬ মাসের জন্য নিষিদ্ধ হলেন সাকিব আল হাসান। সঙ্গে অাগামী ৩১ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত বাইরের সবধরনের ক্রিকেট লিগের জন্য অনাপত্তিপত্র (এনওসি) পাবেন না তিনি। সোমবার মিরপুর স্টেডিয়ামে বোর্ড সভা শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সভা শেষে পাপন জানান, দেশের ক্রিকেট রক্ষার স্বার্থেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বোর্ড পরিচালকদের। তিনি সাকিব প্রসঙ্গে বলেন, 'সাকিবকে সব ধরনের ক্রিকেট থেকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া আগামী ৩১ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত কোনও ধরনের বিদেশি লিগের জন্যে এনওসি পাবেন না তিনি। এমনকি বিদেশি লিগ খেলতে তাকে দেওয়া বাকি দুটি এনওসিও প্রত্যাহার করে নেওয়া হবে।' কোচের সঙ্গে সাকিবের বাদানুবাদের প্রসঙ্গে পাপন বলেন, 'সাকিব কোচের সঙ্গে বাদানুবাদের বিষয়টি স্বীকার করেছে। লন্ডনে নেমেই কোচের কাছে ক্ষমা চেয়েছিলেন সাকিব।' সিপিএল-এ খেলতে গত বুধবার বিসিবির অনাপত্তিপত্র না নিয়েই সস্ত্রীক দেশ ছাড়েন সাকিব আল হাসান। কিন্তু এর আগেই বিসিবি ইমেইলে সাকিবকে জানিয়ে দেয়, যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে। এরপরই কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে এক ই-মেইলে সাকিব জানিয়ে দেন, সিপিএল-এ খেলতে না দিলে দেশের টেস্ট-ওয়ানডে ছেড়ে দেবেন। তাই সাকিবের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণেই নড়েচড়ে বসে বিসিবি।








