কলকাতা টেস্টে ২৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের চা বিরতির আগে তারা ৫ ওভারে ২ উইকেটে ৭ রান করেছে।
ইশান্ত শর্মার প্রথম দুই ওভারে মাত্র ২ রানে সাদমান ইসলাম ও মুমিনুল হক বিদায় নেন। ইমরুল কায়েস ও মোহাম্মদ মিঠুন ক্রিজে আছেন। দুজনেই ৩ রানে অপরাজিত।
‘ডাক’ মারলেন সাদমান-মুমিনুল
বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ১০৬ রান। জবাবে ভারত ৯ উইকেটে ৩৪৭ রানে ইনিংস ঘোষণা করে। ২৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। মাত্র ২ রানে ২ উইকেট হারায় তারা।
প্রথম ওভারে ইশান্ত শর্মার বলে এলবিডাব্লিউ হন সাদমান ইসলাম। রিভিউ নিয়েও লাভ হয়নি। ডাক মেরে বিদায় নেন। ভারতের ডানহাতি পেসার পরের ওভারে ফেরান মুমিনুল হককে। বাংলাদেশের অধিনায়কের ব্যাটে লেগে বল সহজে ঋদ্ধিমান সাহার গ্লাভসে ধরা পড়ে। গোলাপি বলের দুই ইনিংসে শূন্য রানে আউট হলেন মুমিনুল।








